Bartaman Logo
১০ জুন, ২০২৬

বন্দে ভারতে দাদাগিরি বিজেপি বিধায়কের, মার প্রবীণ যাত্রীকে

ফের প্রশ্নের মুখে ট্রেন যাত্রীদের সুরক্ষা এবং নিরাপত্তা। এবার অভিযোগের কাঠগড়ায় এই মুহূর্তে অন্যতম জনপ্রিয় ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস

বন্দে ভারতে দাদাগিরি বিজেপি বিধায়কের, মার প্রবীণ যাত্রীকে
  • ২১ জুন, ২০২৫ ১৫:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফের প্রশ্নের মুখে ট্রেন যাত্রীদের সুরক্ষা এবং নিরাপত্তা। এবার অভিযোগের কাঠগড়ায় এই মুহূর্তে অন্যতম জনপ্রিয় ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। অভিযোগ, বিজেপি বিধায়ক ওতাঁর সঙ্গীদের চরম দাদাগিরি চললেও কার্যত কোনও ব্যবস্থাই নেয়নি রেলমন্ত্রক। নাম-কা-ওয়াস্তে একটি অভিযোগ দায়ের করেই একপ্রকার হাত তুলে নেওয়া হয়েছে। ট্রেনে আসন পাল্টাপাল্টি করতে না চাওয়ায় বন্দে ভারত এক্সপ্রেসের এক প্রবীণ যাত্রীকে বেদম মারধর করার অভিযোগ উঠেছে ওই বিজেপি বিধায়ক এবং তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। সম্প্রতি এমন ঘটনা ঘটেছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশে। সামগ্রিক ঘটনায় চরম অস্বস্তিতে পড়ে গিয়েছে রেলমন্ত্রক। তা সত্ত্বেও অভিযুক্তদের বিরুদ্ধে কেন কোনওরকম কড়া পদক্ষেপ করা হয়নি, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই ব্যাপারে শুক্রবার রাত পর্যন্ত রেল বোর্ডের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি। জানা যাচ্ছে, সম্প্রতি এই ঘটনা ঘটেছে দিল্লির হজরত নিজামুদ্দিন থেকে ভোপালের রানি কমলাপতি স্টেশনগামী বন্দে ভারত এক্সপ্রেসে। দিল্লি থেকেই ট্রেনে উঠেছিলেন মধ্যপ্রদেশের বিজেপি বিধায়ক রাজীব সিং পারিছা। বিধায়কের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী এবং ছেলে। ওই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের এগজিকিউটিভ ক্লাসে তাঁদের তিনজনের আসন একসঙ্গে হয়নি। বিধায়কের স্ত্রী এবং ছেলের আসন ছিল ৫০ এবং ৫১ নম্বরে। অন্যদিকে বিধায়ক বসার জায়গা পেয়েছিলেন ৮ নম্বর আসনে। ওই কোচের ৪৯ নং আসনে ছিলেন রাজ প্রকাশ নামে এক প্রবীণ যাত্রী। অভিযোগ, ট্রেনে উঠেই ওই প্রবীণ যাত্রীকে মধ্যপ্রদেশের বিজেপি বিধায়ক জানান, তাঁকে আসন পাল্টাপাল্টি করতে হবে। ওই প্রবীণ যাত্রী যেন ৮ নম্বর আসনে এসে বসেন। বিধায়ক তাঁর স্ত্রী এবং ছেলের সঙ্গে ৪৯ নম্বর আসনেই বসবেন। কিন্তু নিজের সংরক্ষিত আসন ছেড়ে অন্যত্র বসতে রাজি হননি ওই প্রবীণ যাত্রী। 

Advertisement

রেল সূত্রের খবর, সেই সময় তাঁর সঙ্গে ওই বিধায়কের একপ্রস্থ কথা কাটাকাটিও হয়। কিন্তু সাময়িকভাবে সমস্যা মিটেও যায়। অভিযোগ, ওই বন্দে ভারত এক্সপ্রেস এরপর তার নির্ধারিত স্টপেজ ঝাঁসিতে দাঁড়াতেই সংশ্লিষ্ট কামরায় উঠে পড়ে বেশ কয়েকজন দুষ্কৃতী। কেন ওই প্রবীণ যাত্রী আসন পাল্টাপাল্টি করেননি, তা জানতে চেয়ে তাঁকে মারধর শুরু করে তারা। অভিযোগ, বিজেপি বিধায়কের নির্দেশেই তারা ঝাঁসি স্টেশনে এসেছিল। ঝাঁসি থেকে ট্রেন ফের চলতে শুরু করতেই দুষ্কৃতীরা লাফিয়ে ট্রেন থেকে নেমে যায়। যদিও পরে ঝাঁসি স্টেশনের জিআরপিতেই অভিযোগ দায়ের করেন ওই যাত্রী। 

Advertisement
সম্পর্কিত সংবাদ