নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: বিজেপির দাবি ছিল, ‘দুর্যোগে ছিড়তে পারে’। কিন্তু বাস্তবে দেখা গেল, দুর্যোগ নয়, রানাঘাট শহরের একাধিক জায়গায় তৃণমূলের লাগানো ‘চলো বিজেপি তাড়াই’ পোস্টার এবং ফ্লেক্স ছিড়ছেন খোদ বিজেপির মণ্ডল সভাপতি। সরাসরি সেই ফুটেজ প্রকাশ্যে এনে পুলিশি হস্তক্ষেপের দাবি জানিয়েছে তৃণমূল। এদিকে, সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে আসার পরেই দুর্যোগ তথ্য থেকে পাল্টি খেয়ে বিজেপির দাবি, আমরা তো বলেই ছিলাম, ছিড়ে দেব।
গত কয়েক দিনে রানাঘাটে পোস্টার-ফ্লেক্স রাজনীতিকে কেন্দ্র করে জলঘোলা হয়েছে বিস্তর। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির নির্বাচনী স্লোগান ‘বাঁচতে চাই, বিজেপি তাই’ দিয়ে একাধিক দেওয়াল লিখন হয়েছিল। তার পাল্টা তৃণমূল স্লোগান তৈরি করে, ‘বাঁচতে চাই, চলো বিজেপি তাড়াই’। বিজেপির নির্বাচনী প্রতীক উল্টো করে ছেপে তার উপরে কাটা চিহ্ন দিয়ে লেখা হয়েছিল এই স্লোগান। এরকম একাধিক পোস্টার এবং ফ্লেক্স সোমবার থেকেই ছেয়ে যায় রানাঘাট শহরজুড়ে। তাদের নির্বাচনী প্রতীক বিকৃত করার অভিযোগ তুলে বিষয়টি নিয়ে বিজেপি রানাঘাট থানায় অভিযোগ দায়ের করে। সেই সময় গেরুয়া শিবিরের একমাত্র কাউন্সিলার কামনাশিস চট্টোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছিলেন, পুলিশ ব্যবস্থা না নিলে আমরাই পোস্টার ছিঁড়ে দেব। এরপর হঠাৎ করেই মঙ্গলবার সকালে নজরে আসে, শহরজুড়ে তৃণমূলের অধিকাংশ পোস্টার ছিড়ে ফেলা হয়েছে। যার পরিপ্রেক্ষিতে বিজেপি দাবি করেছিল, ভোররাতে হওয়া দুর্যোগের কারণেও ওই পোস্টার ছিঁড়ে গিয়ে থাকতে পারে। খোদ রানাঘাট উত্তর-পশ্চিমের বিজেপির বিধানসভা প্রার্থী পার্থসারথি চট্টোপাধ্যায়ই বলেছিলেন এই কথা। এরপরই তৃণমূলের তরফে সিসি টিভি ফুটেজ সামনে আনা হয়। স্পষ্ট দেখা গিয়েছে, রাতের অন্ধকারে দুই ব্যক্তি বাইক চেপে এসে পোস্টার ও ফ্লেক্স ছিঁড়ছেন। ঘাসফুল শিবিরের দাবি, তাদের মধ্যেই একজন বিজেপির মণ্ডল সভাপতি শুভ সাহা। ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে তাঁর মুখ।
এই বিষয়টি প্রকাশ্যে আসার পর বুধবার পাল্টি খেয়ে বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায় বলেন, আমরা তো বলেইছিলাম পুলিশ ব্যবস্থা না নিলে আমরা ছিঁড়ে দেব। আমাদের নির্বাচনী প্রতীক বিকৃত করা হয়েছে। আমরা তো তা নিয়ে অভিযোগ করেছিলাম। আর তখনই প্রকাশ্যে বলে দিয়েছিলাম, ছিড়ে দেওয়া হবে। তাই হয়েছে। পুলিশ ব্যবস্থা নেয়নি, তাই আইন নিজের হাতে নেওয়া হয়েছে। এর পাল্টা তৃণমূলের তরফে রানাঘাটের চেয়ারম্যান কোশলদেব বন্দ্যোপাধ্যায় বলেন, এটা তো গুন্ডামির কথা। শুধু তো ‘বিজেপি তাড়াই’ ফেক্স নয়, এসআইআর নিয়ে আমাদের দলীয় স্লোগানের পোস্টার পর্যন্ত ছেঁড়া হয়েছে। পরিকল্পিতভাবে কি তাহলে রানাঘাটে অশান্তি লাগানোর চেষ্টা হচ্ছে? নিজেদের পছন্দ হবে না এমন সব জিনিস তার মানে বিজেপি ভেঙে দেবে? আমরাও যদি সেই পথে হাঁটি তাহলে তো, ওরা কোথাও দেওয়াল লিখতেই পারত না। কিন্তু তৃণমূল রাজনৈতিক শিষ্টাচার মানে বলেই বিজেপির ফ্লেক্স ছেড়া বা নষ্ট করা হয়নি কোথাও। -নিজস্ব চিত্র