রাহুল চক্রবর্তী, কলকাতা: একটি লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা আসন রয়েছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের যে ফল সামনে এসেছে, তার ভিত্তিতে দেখা গিয়েছে, ২২টি এমন আসন রয়েছে যেখানে২০২৪ সালে তৃণমূল জিতলেও, এখন সেখানে বিজেপির দাপট। এই ২২টি লোকসভা আসনে বিধায়ক সংখ্যার নিরিখে এগিয়ে রয়েছে বিজেপি। মাত্র ৭টি আসনে তৃণমূল এগিয়ে। অর্থাৎ রাজ্যের মোট ৪২টি লোকসভা আসনের মধ্যে ৩৪টিতে নিজেদের আধিপত্য কায়েম করেছে পদ্মপার্টি। ফলে জেতা আসন ধরে রাখাই চ্যালেঞ্জ তৃণমূলের কাছে।
২০২৪ সালের লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২টি আসনের মধ্যে জোড়াফুলের হাতে এসেছিল ২৯টি। বিজেপি পেয়েছিল ১২টি আসন। আর কংগ্রেসের হাতে যায় একটি আসন। লোকসভায় ভালো ফল করলেও, বিধানসভা ভোটে তা ধরে রাখতে পারল না তৃণমূল। এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল পেয়েছে মাত্র ৮০টি আসন। সেখানে বিজেপি জিতেছে ২০৭টি আসন।
২০২৪ সালের লোকসভা নির্বাচনে কোচবিহারে জয়ী হয়তৃণমূল। কিন্তু বিধানসভা নির্বাচনের ফল বলছে কোচবিহার লোকসভার মধ্যে মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতকুচি, দিনহাটা, নাটাবাড়ি বিধানসভা আসনে জয় পেয়েছে বিজেপি। শুধুমাত্র সিতাই আসনে জয় তৃণমূলের। কোচবিহার লোকসভা আসনে এগিয়ে বিজেপি। একইরকম ভাবে তথ্য বলছে, বহরমপুর, কৃষ্ণনগর, বারাকপুর, দমদম, বারাসত, শ্রীরামপুর, হুগলি, আরামবাগ, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূম, যাদবপুর লোকসভা আসনে এগিয়ে রয়েছেবিজেপি। ২০২৪ সালে এই আসনগুলি তৃণমূল জিতেছিল।
আবার মুর্শিদাবাদ লোকসভা আসনটি ২০২৪ সালে তৃণমূল জিতলেও, বিধানসভা ভোটের ফলের নিরিখে এখন সেটিতে পিছিয়ে জোড়াফুল। মুর্শিদাবাদ লোকসভা আসনের অন্তর্গত ভগবানগোলা, হরিহরপাড়া, জলঙ্গি বিধানসভা আসনে এবার তৃণমূল জয়ী হয়েছে। এই তিনটি বিধানসভা আসন মিলিয়ে তৃণমূলের প্রাপ্ত ভোট ২,৭৫,০১৯। কিন্তু রানিনগর (কংগ্রেস), মুর্শিদাবাদ (বিজেপি), ডোমকল (সিপিএম), করিমপুর (বিজেপি) আসনে জয়ীদের প্রাপ্ত ভোট ৪,০৬,৯৮২।
আবার তৃণমূলের শক্ত ঘাঁটি কলকাতা ভেঙে গিয়েছে। কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের মধ্যে চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা কেন্দ্রে তৃণমূল জয়ী হয়েছে। এই তিন আসনে তৃণমূলের জয়ীদের প্রাপ্ত ভোট ২ লক্ষ ৫১ হাজার ১২২। এবার জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা ও কাশীপুর-বেলগাছিয়া আসনে বিজেপি জয়ী হয়েছে। তাতে বিজেপির মোট প্রাপ্ত ভোট ২ লক্ষ ৫৭ হাজার ৮৫৪।
পাশাপাশি কলকাতা দক্ষিণ লোকসভা আসনেও এগিয়ে গিয়েছে বিজেপি। কসবা, বন্দর ও বালিগঞ্জ বিধানসভা আসনে জয়ী তৃণমূল প্রার্থীদের মোট প্রাপ্ত ভোট ৩ লক্ষ ২৭ হাজার ৬০০। সেখানে বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, ভবানীপুর ও রাসবিহারী আসনে জয়ী হয়ে বিজেপি পেয়েছে ৩ লক্ষ ৭৬ হাজার ৭১৩। প্রায় ৫০ হাজার ভোটে শক্ত গড়ে পিছিয়ে তৃণমূল।