নিজস্ব প্রতিনিধি, বারাসত: এবার দেগঙ্গায় প্রকাশ্যে এল বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। দলের মণ্ডল সভাপতিকে অপসারণের দাবিতে বিজেপি কার্যালয়েই তালা ঝুলিয়ে দিল বিক্ষুব্ধ নেতাকর্মীরা। সেই সঙ্গে চলে বিক্ষোভ প্রদর্শন। রবিবার রাতের এই ঘটনা ঘটে দেগঙ্গা বাজারে অবস্থিত বিজেপির হাড়োয়া দু’নম্বর মণ্ডলের কার্যালয়ে। যদিও গোষ্ঠীদ্বন্দ্বের কথা মানতে নারাজ নেতৃত্ব।
জানা গিয়েছে, কয়েকদিন আগেই ভোটাভুটির মাধ্যমে বিজেপির মণ্ডল সভাপতি নির্বাচন হয়েছে। বসিরহাট সাংগঠনিক জেলা বিজেপির অন্তর্গত হাড়োয়া ২ নম্বর মণ্ডলের সভাপতি হয়েছেন অরবিন্দ বিশ্বাস। দলীয় সূত্রে খবর, ভোটাভুটির মাধ্যমে এই মণ্ডলের জন্য নির্বাচিত হয়েছেন অঞ্জলি মজুমদার। কিন্তু তারপরেও কোনও এক অদৃশ্য কারণে পরাজিত প্রার্থী অরবিন্দ বিশ্বাসকে সভাপতি করে দেওয়া হয়েছে বলে দাবি দলের বিক্ষুব্ধদের। তাঁদের অভিযোগ, এই অনিয়মের কথা দলকে জানিয়েও কোনও কাজ হয়নি। উল্টে নেতৃত্বের একাংশ কার্যত হুইপ জারি করে বলেন, এটা নাকি রাজ্যের সিদ্ধান্ত। স্থানীয় বিজেপি নেতা অসিত দে ও অঞ্জলি মজুমদার বলেন, ‘সভাপতি বেআইনিভাবে দায়িত্ব পেয়েছেন। কর্মীদের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই। এদিন বিকেলে বৈঠক ডাকার কথা ছিল। কিন্তু উনি আসেননি। তাই শীর্ষ নেতৃত্বের মতামত নিয়েই দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।’ বর্তমান মণ্ডল সভাপতির বিরুদ্ধে পোস্টারও পড়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে অরবিন্দ বিশ্বাস বলেন, ‘দলীয় কর্মসূচির কারণেই আমি এদিন বৈঠকে আসতে পারিনি। বিষয়টি আমি দলকে জানিয়েছি। এবার দল যা সিদ্ধান্ত নেওয়ার নেবে।’ এ বিষয়ে দেগঙ্গা তৃণমূলের ব্লক সভাপতি আনিসুর রহমান (বিদেশ) বলেন, ‘আসলে বিজেপি নিজদের দ্বন্দ্ব মেটাতেই নাকানিচবানি খাচ্ছে। ওদের অনেক নেতা, অনেক লবি। এখন পার্টি অফিসে তালা পড়ছে, আগামীতে দেখবেন পতাকা টাঙানোর লোক থাকবে না। -নিজস্ব চিত্র