Bartaman Logo
৫ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

জাপানি গেটে বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি, স্থানীয় তৃণমূল নেতা ধৃত

বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগকে ঘিরে শনিবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে দাশনগর থানার জাপানি গেট সংলগ্ন এলাকা

জাপানি গেটে বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি, স্থানীয় তৃণমূল নেতা ধৃত
  • ৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগকে ঘিরে শনিবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে দাশনগর থানার জাপানি গেট সংলগ্ন এলাকা। অভিযোগের তির স্থানীয় তৃণমূল নেতা শেখ বিলাল হোসেন ওরফে বাপি বিরিয়ানির দিকে। ওই রাতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। রবিবার তাকে হাওড়া আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন। ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Advertisement

বিজেপির দাবি, দলের মণ্ডল তথা বুথ স্তরের নেতাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। যদিও ওই গুলিতে কেউ আহত হননি। বিজেপির অভিযোগ, শনিবার রাতে কয়েকজন কর্মী রাস্তার ধারে একটি ঘরে বসেছিলেন। সেই সময় বাপি সেখানে ঢুকে বিজেপির স্থানীয় নেতাদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। এরপর পকেট থেকে আগ্নেয়াস্ত্র বের করে তাঁদের লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। বিজেপির দাবি, একটি গুলি ঘরের দেওয়ালে লাগে। অল্পের জন্য প্রাণে বেঁচে যান সেখানে থাকা বিজেপি কর্মীরা। অভিযোগ, গুলি চালানোর পর সেখান থেকে পালিয়ে যায় বাপি। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় দাশনগর থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দিতে র‌্যাফও মোতায়েন করা হয়। বেশ কিছুক্ষণ এলাকায় উত্তেজনা ছিল। পুলিশি তৎপরতায় পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে গুলি চালানোর অভিযোগ নিয়ে পুলিশ স্পষ্ট কিছু জানায়নি। তবে রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনের জামিন অযোগ্য ধারায় মামলা শুরু হয়েছে।
এই ঘটনার নেপথ্যে রাজনৈতিক বিরোধের অভিযোগ তুলেছে বিজেপি। স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই ওই এলাকায় বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী-সমর্থককে বিজেপিতে যোগ দেওয়ানোর চেষ্টা চলছিল। দলবদলকে ঘিরে বিজেপির অন্দরে চাপানউতোর চলছিল বলেও দাবি। সেই পরিস্থিতির মধ্যেই গুলি চালানোর ঘটনা ঘটেছে। যদিও হামলার প্রকৃত কারণ কী, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক যোগ রয়েছে কি না, কার আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছোড়া হয়েছিল এবং আরও কেউ জড়িত কি না,— সবই দিক খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ