Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বিজেপি সরকারে এলে ৫০ ফুটের গণেশ ঘোলায় প্রতিশ্রুতি রাখলেন বিজেপি নেতা

সরকার বদলালে ৫০ ফুটের গণেশ তৈরি করে ধুমধাম করে পুজো হবে। গতবছর ঘোলায় পুজো উদ্বোধনে রাজ্যের তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সামনে কথা দিয়েছিলেন উত্তর শহরতলির বিজেপি নেতা সুজিত বড়ুয়া।

বিজেপি সরকারে এলে ৫০ ফুটের গণেশ ঘোলায় প্রতিশ্রুতি রাখলেন বিজেপি নেতা
  • ১১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: সরকার বদলালে ৫০ ফুটের গণেশ তৈরি করে ধুমধাম করে পুজো হবে। গতবছর ঘোলায় পুজো উদ্বোধনে রাজ্যের তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সামনে কথা দিয়েছিলেন উত্তর শহরতলির বিজেপি নেতা সুজিত বড়ুয়া। রাজ্যে পালাবদল হয়েছে। এবার কথা রাখতে ৫০ ফুটের গণেশ তৈরি করিয়ে পুজো করছেন সুজিত। সে পুজো ঘিরে সাজো সাজো রব। ৫০ ফুট উচ্চতার গণেশ চমক দিচ্ছে। মূল মণ্ডপে ১২ ফুট উচ্চতার আমেরিকান ডায়মন্ডের একটি গণেশও চমকে দিচ্ছে। আর মণ্ডপ সাজছে আরও ৩০টি গণেশ মূর্তি ও পরিবেশ ভাবনার থিমে।

Advertisement

২০১৫ সাল থেকে ঘোলার সি ব্লক সাহাপাড়ার শ্রীপল্লি অটো স্ট্যান্ডে গণেশ পুজো করছেন বিজেপি নেতা সুজিত বড়ুয়া। বর্তমানে তিনি দলের জেলা মাইনরিটি মোর্চার সভাপতি। ২০২২, ’২৩ ও ’২৫ সালে পুজোর উদ্বোধনে এসেছিলেন শুভেন্দু অধিকারী। এখন তিনি মুখ্যমন্ত্রী। বিজেপি রাজ্যে ক্ষমতায়। এবার শ্রীপল্লি বিশাল আকারে পুজো করছে। মণ্ডপের সামনে থাকবে ৫০ ফুটের গণেশ। তার চারপাশ সাজানো হবে ২৫ ধরনের গণেশ মূর্তি দিয়ে। ঝরনা থেকে গড়িয়ে আসা জল বিশাল গণেশটির পায়ের কাছে এসে পড়বে। প্যান্ডেলের অন্দরসজ্জায় থাকছে প্রকৃতিরক্ষার বার্তা। ভিতরে গণেশের নানা রূপ। হাবড়ার শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার থিম রূপায়ণের দায়িত্বে। তিনি বলেন, ‘রক্তের মতো প্রকৃতিও কলকারখানায় তৈরি হয় না। জল ও গাছ সংরক্ষণের বার্তা মানুষের হৃদয় ছোঁবে। সঙ্গে বিশালাকার গণেশ ও সিদ্ধিদাতার নানান রূপ দেখে অভিভূত হবেন দর্শনার্থীরা।’ পুজোর উদ্যোক্তা সুজিত বড়ুয়া বলেন, ‘হাজারো প্রতিবন্ধকতার মধ্যে গত ১১ বছর ধরে পুজো করেছি। গতবার শুভেন্দুবাবুর সামনে ৫০ ফুটের বেশি গণেশ মূর্তি তৈরি করার কথা দিয়েছিলাম। তাই সেভাবেই মণ্ডপ সাজছে। মুখ্যমন্ত্রী সহ রাজ্যের বহু মন্ত্রী ও বিধায়ককে আমন্ত্রণ জানিয়েছি।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ