নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: মেয়ের বিয়ে দিয়ে দেওয়ার পরও রূপশ্রী প্রকল্পের সুবিধে আদায় করতে গিয়ে বিতর্কে জড়ালেন বিজেপির পঞ্চায়েত সদস্য। যা নিয়ে শোরগোল পড়েছে গড়বেতা-২ তথা গোয়ালতোড় ব্লকের পাথরপাড়া পঞ্চায়েতে। কিছুদিন আগে মেয়ের বিয়ে দিয়েছেন পাথরপাড়া পঞ্চায়েতের বিজেপি সদস্য উত্তম কারক। তারপর তিনি পঞ্চায়েত প্রধানের কাছে গিয়ে মেয়ের নামে ‘আনম্যারেড সার্টিফিকেট’ চেয়ে বসেন। উদ্দেশ্য ‘কন্যাশ্রী’ বা ‘রূপশ্রী’-র মতো প্রকল্পে আবেদন করা। সন্দেহ হওয়ায় প্রধান খোঁজখবর করে জানতে পারেন, উত্তমবাবুর মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। শুধু তাই নয়, আদৌ তাঁর মেয়ের বিয়ের বয়স হয়েছিল কি না, তা নিয়েও সন্দেহ আছে পঞ্চায়েতের কর্মচারী ও অন্য সদস্যদের। প্রশাসনের আধিকারিকরা জানাচ্ছেন, উত্তম আগেও একবার তাঁর নাবালিকা মেয়ের বিয়ের তোড়জোড় শুরু করেছিলেন। তবে স্থানীয় জনপ্রতিনিধিদের তৎপরতায় তা রুখে দেওয়া যায়। পঞ্চায়েতের সদস্যরা জানাচ্ছেন, এবারও মেয়েকে প্রায় লুকিয়েই বিয়ে দিয়েছেন উত্তমবাবু। ইতিমধ্যেই ব্লক প্রশাসন তদন্ত শুরু করছে।



