সংবাদদাতা, আলিপুরদুয়ার: উত্তরবঙ্গের চা বাগান থেকে উদ্ধার হল চিতাবাঘের দেহ। মঙ্গলবার সকালে আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের তুরতুরি চা বাগানের ১৬ নম্বর সেকশন থেকে এই অপ্রাপ্তবয়স্ক চিতাবাঘের দেহ উদ্ধার হয়। যার জেরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে চিতাবাঘটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এদিন সকালে কাজের যাওয়ার চিতাবাঘটির মৃতদেহ দেখতে পান শ্রমিকরা। তাঁদের কাছ থেকে খবর পেয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা এসে সেটি উদ্ধার করে নিয়ে যায়। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, মৃত চিতাবাঘটির বয়স আনুমানিক পাঁচ বছর। সেটির দেহে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে। ঘটনাস্থলে ধস্তাধস্তির চিহ্নও রয়েছে। আছড়ানোর দাগও রয়েছে। তা পর্যবেক্ষণ করে বনদপ্তরের প্রাথমিক অনুমান, কোনো প্রাণী শিকারের ঘটনাকে কেন্দ্র করে অল্পবয়সী চিতাবাঘটির সঙ্গে কোনো পূর্ণবয়স্ক চিতাবাঘের লড়াই হয়েছিল। সেই অসম লড়াইয়ের জেরেই অল্পবয়সী চিতাবাঘটির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা যাবে না। প্রায় দুই মাস আগে ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানেও শিকার দখলকে কেন্দ্র করে পূর্ণবয়স্ক চিতাবাঘের হামলায় একটি অল্পবয়সী চিতাবাঘের মৃত্যু হয়েছিল।