সংবাদদাতা, বনগাঁ: দলের মহিলা সদস্যাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক বিজেপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত বিজেপি নেতার নাম শোভন তরফদার। বনগাঁর ছয়ঘরিয়া পঞ্চায়েতের বিরোধী দলনেতা তিনি। দলেরই এক মহিলা পঞ্চায়েত সদস্যা তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। বুধবার পেট্রাপোল থানার পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার ধৃতকে বনগাঁ আদালতে তোলা হলে বিচারক তাঁকে জেল হেফাজতে পাঠিয়েছেন।
জানা গিয়েছে, গত ৬ তারিখ রাতে ওই বিজেপি নেতা পঞ্চায়েত সদস্যার বাড়িতে চড়াও হন। তাঁকে গালিগালাজ করার সঙ্গেই শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ। পরদিন পেট্রাপোল থানায় অভিযুক্তের নামে লিখিত অভিযোগ করেন নির্যাতিতা। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত। এদিন শারীরিক পরীক্ষা করে হাসপাতাল থেকে বেরোনোর সময় অভিযুক্ত বলেন, দলে পদ না পেয়ে আমাকে গালাগালি করেন ওই পঞ্চায়েত সদস্যা। আমি সমর্থকদের নিয়ে তাঁকে বোঝাতে গিয়েছিলাম। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করলেন। এতে দলের ভাবমূর্তি নষ্ট হল।’ এবিষয়ে বিজেপি জেলা সভাপতি দেবদাস মন্ডল বলেন, বিষয়টি আমি শুনেছি। অভিযোগ সত্যি হলে আইন মেনে শাস্তি হোক। তবে কাউকে যেন হয়রানি না করা হয়।’ বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। তৃণমূল জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, নিজের দলের নেতাদের কাছেই দলের মহিলা সদস্যরা সুরক্ষিত নয়। বিজেপি নোংরা দল। এরা মহিলাদের সম্মান দিতে জানে না।’
অন্যদিকে এক মহিলাকে শ্লীলতাহানি ও হুমকি দেওয়ায় অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল গাইঘাটা থানার পুলিস। ধৃতের নাম প্রশান্ত কুমার বিশ্বাস (৫৮)। পুলিস সূত্রে জানা গিয়েছে, গত ১ তারিখ অভিযোগকারিণী বাড়িতে একা ছিলেন। সেই সময় অভিযুক্ত অসৎ উদ্দেশ্যে তাঁর বাড়িতে গিয়ে তাঁকে শ্লীলতাহানি করে। শারীরিকভাবে হেনস্থা করে বলেও অভিযোগ। এমনকী মহিলাকে হুমকি দেয় অভিযুক্ত। থানায় অভিযোগ দায়ের হলে বুধবার অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিস। বৃহস্পতিবার ধৃতকে বনগাঁ আদালতে তোলা হয়। আদালত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।