Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

হিন্দু প্রভাবিত এলাকাতেও পিছিয়ে বিজেপি

বিজেপির হিন্দুত্বের তাস কি অকেজো হচ্ছে? সাম্প্রতিক কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে সেরকমই ইঙ্গিত দিচ্ছেন রাজনীতির বিশ্লেষকরা।

হিন্দু প্রভাবিত এলাকাতেও পিছিয়ে বিজেপি
  • ২৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কালীগঞ্জ: বিজেপির হিন্দুত্বের তাস কি অকেজো হচ্ছে? সাম্প্রতিক কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে সেরকমই ইঙ্গিত দিচ্ছেন রাজনীতির বিশ্লেষকরা। দেখা যাচ্ছে, হিন্দু প্রধান  একাধিক এলাকায় বিজেপিকে পিছনে ফেলে দিয়েছে তৃণমূল। উপনির্বাচনে ব্যাপকভাবে রাজনৈতিক মেরুকরণের চেষ্টা চালিয়েছিল পদ্ম শিবির। কিন্তু তারপরেও তিন শতাংশ ভোট কমেছে বিজেপির। যা কপালে ভাঁজ ফেলেছে ‘হিন্দুত্বের ধ্বজাধারী’-দের। কালীগঞ্জ, মাটিয়ারি, গোবরার মতো পঞ্চায়েতগুলোতে মুখ পুড়েছে বিজেপির।  রাজনৈতিক মহলের দাবি, জেলা সভাপতি মহুয়া মৈত্রের নেতৃত্বাধীন ব্লক সংগঠনের সঙ্গে প্রয়াত বিধায়কের দূরত্ব তৈরি হয়েছিল। টিকিটের দাবিদার ছিলেন কালীগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি শেফালী খাতুন। তবে দলের তরফ থেকে প্রয়াত বিধায়কের কন্যা আলিফা আহমেদকে টিকিট দেওয়া হয়। এতে তৃণমূলের মধ্যে অন্তর্ঘাতের যে আশঙ্কা করছিল রাজনৈতিক মহল, তার প্রভাব কিন্তু উপনির্বাচনের ফলাফলে দেখা যায়নি। প্রয়াত বিধায়ক কন্যা আলিফা আহমেদের হয়ে চুটিয়ে প্রচার করতে দেখা গিয়েছে, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সমগ্র ব্লক সংগঠনকে। রাজনৈতিক মহল মনে করছে, তৃণমূলের সম্মিলিত প্রয়াসই বিজেপিকে আটকেছে। কালীগঞ্জ ব্লক তৃণমূল সভাপতি দেবব্রত মুখোপাধ্যায় বলেন, বিজেপির হিন্দুত্বের রাজনীতি মানুষ মানছে না। তাঁরা পরিষেবা চান। তাই মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করছে। নির্বাচনী ফলাফলে দেখা যাচ্ছে, কালীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রায় ৭০ শতাংশ ভোটার হিন্দু। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি এই পঞ্চায়েতে ৪০৭ ভোটে এগিয়ে ছিল। কিন্তু মাত্র এক বছরের ব্যবধানে, এই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস ওই পঞ্চায়েতে ২০৮৫ ভোটে এগিয়ে গিয়েছে। তৃণমূলের প্রাপ্য ভোট ৮৬৩৩ এবং বিজেপির প্রাপ্য ভোট ৬৫৪৮। লোকসভার নিরিখে এই পঞ্চায়েতে বিজেপির প্রায় ১০ শতাংশ ভোট কমেছে। 

Advertisement

অন্যদিকে গোবরা গ্রাম পঞ্চায়েতের  ৮৫ শতাংশ ভোটার হিন্দু। বিজেপি এই পঞ্চায়েতে বরাবর লিড নিয়েছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির লিড ছিল ১,৪০৫ ভোটের, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ৯৮৫ ভোটের এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ১,০৮৯ ভোটের। কিন্তু উপনির্বাচনের দেখা যাচ্ছে, তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রে ৩৫ ভোটের লিড পেয়েছে। তৃণমূলের প্রাপ্য ভোট ৬৭৬৯ এবং বিজেপির ৬৭৩৪।  একইভাবে মাটিয়ারি পঞ্চায়েতে চব্বিশের লোকসভা নির্বাচনে প্রায় ৫০০ ভোটের লিড ছিল বিজেপির। কিন্তু উপনির্বাচনে মাত্র ১৬৩ ভোটে বিজেপি এগিয়ে রয়েছে। তবে ফরিদপুর পঞ্চায়েতে লোকসভা ও বিধানসভা নির্বাচনে বিজেপি লিডের খুব বেশি হেরফের হয়নি। এই পঞ্চায়েতে উপনির্বাচনে সাড়ে পাঁচশো ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। এই চারটি পঞ্চায়েতই কালীগঞ্জের হিন্দু প্রভাবিত এলাকা বলেই পরিচিত। যার মধ্যে তিনটি পঞ্চায়েতেই ব্যাপক হারে ভোট কমেছে পদ্ম শিবিরের। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। কিন্তু তার আগে কালীগঞ্জ বিধানসভায় এই ফল চিন্তায় ফেলেছে গেরুয়া শিবিরকে। কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থী আশিস ঘোষ বলেন, আমরা ১১৩টি বুথে লিড পেয়েছি। যার মধ্যে  হিন্দু প্রভাবিত ১০৯টি বুথের মধ্যে ১০৮টি বুথে আমরা এগিয়ে রয়েছে। হিন্দু ধর্মাবলম্বী মানুষরা আমাদের উপর ভরসা রেখেছেন। হিন্দু পোল বাড়লে আমাদের সামগ্রিক ফলাফল ভালো হতো।

Advertisement
সম্পর্কিত সংবাদ