জেন জির ভাষা বুঝতে তৎপর বিজেপি, ২৭-২৮ নভেম্বর দিল্লিতে মোদির উপস্থিতিতে বৈঠক
  • ১৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ক্যাপ। নো ক্যাপ। গোট। ড্রিপ। ফায়ার। শুক। হাজারো অচেনা শব্দ। কোনোটির অর্থ মিথ্যে কথা বলা। কোনোটির অর্থ রাখঢাক না করেই কথা বলা। কোনো শব্দ ব্যবহার হচ্ছে সাজপোশাকের প্রশংসা করার উদ্দেশ্যে। কোনো শব্দের অর্থ আবার বিস্ময়সূচক। আদতে যেন একের পর এক ‘কোড ল্যাঙ্গোয়েজ’। ‘সিলেবাস’ সম্পর্কে জ্ঞান না থাকলে যে ভাষার অর্থ বুঝতে পারা একপ্রকার অসম্ভব। হালের জেন জি’কে ‘পড়তে’ তাই রীতিমতো খাবি খেতে হচ্ছে বিজেপি নেতৃত্বকে। প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার —সাম্প্রতিককালে বিজেপিকে আক্ষরিক অর্থেই নাস্তানাবুদ করে দিয়েছে জেন জি’রা। সেই কারণে তাদের বুঝতে ভাষা সমস্যার সমাধানে মরিয়া হয়েছে পদ্মপার্টি। রাজ্যে রাজ্যে দলীয় নেতৃত্বকে নির্দেশিকা দিয়ে বলা হয়েছে যে, জাতীয়স্তরের রাজনীতির প্রেক্ষিত মাথায় রেখে তরুণ প্রজন্মকে পদ্মশিবিরের দিকে টেনে আনতেই হবে। তাদের মতো করেই ভাবতে হবে। তাদের মতো করেই কথা বলতে হবে। আর সেই কথা বলার জন্য চাই সঠিক ভাষা।  অতীতে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দলীয় বৈঠকে শীর্ষ নেতাদের পরামর্শ দিয়েছিলেন যে, জেন জি’দের আকর্ষণ করতে আরও বেশি করে ‘রিল’ পোস্ট করতে হবে। সোশ্যাল মিডিয়ায় সক্রিয়তা আরও বৃদ্ধি করতে হবে। এমনকি প্রধানমন্ত্রী নিজে প্রায় মধ্যরাতে ফেসবুক লাইভ করে বিভিন্ন বিষয়ে বার্তাও দিয়েছিলেন। কিন্তু দেশের তরুণ প্রজন্মকে আকর্ষণ করতে শুধু যে ‘রিল’ পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকলেই হবে না, তা বিলক্ষণ টের পাচ্ছেন পদ্মশিবিরের নেতারা। যতক্ষণ পর্যন্ত জেন জি’র সঙ্গে তাদের ভাষায় তাদের মতো করে কথা বলা না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনোমতেই পরিস্থিতি শুধরোবে না। এমন প্রেক্ষাপটে তাই এবার জেন জি’দের ভাষা-পাঠের ব্যাপারে তোড়জোর শুরু করতে চলেছে মরিয়া বিজেপি। 

Advertisement

নভেম্বরের শেষে দিল্লিতে দু’দিনের গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে বিজেপি। সম্ভবত আগামী ২৭ এবং ২৮ নভেম্বর নয়াদিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে ওই বৈঠক হবে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে উপস্থিত থাকবেন। দলীয় সূত্রে দাবি করা হয়েছে যে, সম্ভাব্য ওই বৈঠকের অন্যতম প্রধান এজেন্ডাই হতে চলেছে জেন জি এবং তাদের ভাষা! বিজেপি সূত্রে জানা যাচ্ছে, দলের দু’দিনের ওই বৈঠকে সব রাজ্যের নেতৃত্বই উপস্থিত থাকবেন। কীভাবে জেন জি’কে সামাল দেওয়া যায়, প্রধানত সেই কৌশলই স্থির হবে।