নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিহার ভোটে অপ্রত্যাশিত সাফল্য পেয়ে বাংলায় সরকার গঠনের স্বপ্নে বিভোর বিজেপি। পাটলিপুত্রে নীতীশ কুমারের প্রত্যাবর্তনের সাফল্য শুক্রবার বাংলায় উদযাপন করলেন গেরুয়া বিধায়করা। পশ্চিমবঙ্গ বিধানসভায় ঢাকঢোলসহ বিজয় মিছিল করলেন তাঁরা। পাশাপাশি সেন্ট্রাল অ্যাভিনিউ ও সল্টলেকের অফিসে হইহই করে আবির খেলায় মিষ্টি বিলি হল। পার্টির সদর দপ্তর থেকে নির্দেশ পাঠানো হয়েছে, রাজ্যজুড়ে মহল্লায় মহল্লায় বিজয় মিছিল বের করতে হবে। যদিও বাস্তব চিত্র হল, বিধানসভা নির্বাচন অদূরে হলেও এখনও রাজ্য কমিটি গঠন হয়নি প্রধান বিরোধী দলের। রাজ্যে মাত্র ৬০ শতাংশ বুথে দলের সাংগঠনিক বুথ কমিটি তৈরি হয়েছে। বাকি ৪০ শতাংশে নীচুতলায় পার্টি প্রতিনিধিত্বহীন। এক্ষেত্রে ভোটে ২৯৪টি আসনের মধ্যে প্রায় ৮০টিতে ওয়াকওভার দিয়ে লড়াইয়ে নামতে হবে তাদের। ওই আসনগুলিতে সংখ্যালঘু ভোটই নির্ণায়ক শক্তি।



