Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শিলিগুড়িতে দুই পাড়ার হাঙ্গামার নেপথ্যে রয়েছে বিজেপি, সরব তৃণমূল ও সিপিএম

নতুন করে দুই পাড়ার হাঙ্গামার নেপথ্যে বিজেপি। বুধবার বাগরাকোট ও টিকিপাড়ার বাসিন্দাদের সংঘর্ষের পর এমন অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস ও সিপিএম।

শিলিগুড়িতে দুই পাড়ার হাঙ্গামার নেপথ্যে রয়েছে বিজেপি, সরব তৃণমূল ও সিপিএম
  • ১০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: নতুন করে দুই পাড়ার হাঙ্গামার নেপথ্যে বিজেপি। বুধবার বাগরাকোট ও টিকিপাড়ার বাসিন্দাদের সংঘর্ষের পর এমন অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস ও সিপিএম। যদিও বিজেপি অভিযোগ মানতে নারাজ। তাদের পাল্টা অভিযোগ, আইন-শৃঙ্খলা নিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকতে বিজেপির বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। বিজেপি মানুষের জন্য লড়াই করছে। এনিয়ে শহরের রাজনীতি সরগরম। এদিন দুপুরে বাগরাকোট ও টিকিয়াপাড়ার একাংশ বাসিন্দার মধ্যে তুমুল সংঘর্ষ হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে বাগরাকোটে ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে বাচ্চাদের মধ্যে ঝামেলা হয়েছিল। স্থানীয়রা আলোচনা করে তা মিটিয়েও ফেলেছিলেন। এই অবস্থায় এদিন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ থানার সামনে ওই ঘটনা নিয়ে বিক্ষোভ দেখানোর পর এদিন ফের দুই পাড়ার মধ্যে হাঙ্গামা হয়। 

Advertisement

এনিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি বলেন, নিরীহ বাসিন্দাদের উসকে শান্ত এই শহরকে অশান্ত করার চেষ্টা চলছে। ছাব্বিশের নির্বাচনের আগে এ ধরনের গোলমাল আরও করার চেষ্টা চালাবে। বিজেপি নিজেদের ভ্রান্ত রাজনীতি দিয়ে মানুষকে ভুলপথে চালিত করার চেষ্টা করছে। সাধারণ মানুষ যাতে সেই ফাঁদে পা না দেন, সেব্যাপারে আমরা সতর্ক রয়েছি। শহরের ঐক্য, সম্প্রতি, উন্নয়ন ও শান্তির পরিবেশ বজায় রাখতে হবে। বিধায়কের বিরুদ্ধে সুর সপ্তমে তোলেন মেয়র। বলেন, সমগ্র ঘটনাই পুলিস ও প্রশাসন নজরে রাখছে। স্থানীয় বিধায়ক বাড়াবাড়ি করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিস। দুই পাড়ার গোলমাল নিয়ে পদ্ম শিবিরকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে সিপিএমও। দলের দার্জিলিং জেলা সম্পাদক সমন পাঠক বলেন, ওই ঘটনা শুনেছি। ইদানিং, ছোট ছোট ঘটনা নিয়ে বিজেপি মেরুকরণের রাজনীতি করার চেষ্টা করছে। তাই পাড়ায় পাড়ায়, গোষ্ঠীতে গোষ্ঠীতে গোলমাল লাগছে। এজন্য পুলিসকে আরও সক্রিয় হতে হবে। বিজেপি অবশ্য তৃণমূল ও সিপিএমের অভিযোগ মানতে নারাজ। বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির সভাপতি অরুণ মণ্ডল বলেন, শাসক দল তৃণমূলের দাসত্ব করতে গিয়ে শিলিগুড়ির আইনশৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ পুলিস। গৌতমবাবুও নাগরিকদের নিরাপত্তা দিতে পারছেন না। তাই নিজেদের ব্যর্থতা ঢাকতে বিজেপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন। শিলিগুড়ির বিজেপি বিধায়ক বলেন, গৌতমবাবু মেয়র হওয়ার পর শহরে অপরাধ বাড়ছে। প্রতিবাদ করলেই বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করছেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ