ভোপাল: শনিবার ইন্দোরে ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ অনুষ্ঠান মঞ্চে রাহুল গান্ধীর সামনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নকল করা হয়েছিল। কটাক্ষ করা হয় এক বৃদ্ধাকেও। হাসিমুখে তা তারিয়ে তারিয়ে উপভোগও করেন বিরোধী দলনেতা। এই অভিযোগ তুলে রবিবার কংগ্রেস সাংসদকে কড়া ভাষায় আক্রমণ করল বিজেপি। দলের মুখপাত্র সি আর কেশভনের অভিযোগ, ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নকল করা হয়েছিল। হেয় করা হয় এক বৃদ্ধাকেও। মঞ্চে উপস্থিত থেকে এধরনের কার্যকলাপকে উৎসাহিত করেছিলেন রাহুল। যা তাঁর অত্যন্ত নিন্দনীয় ও নিম্নরুচির। কেশভন আরও বলেন, যেকোনো ভদ্র, নম্র ও শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ওই ধরনের বক্তব্য-মন্তব্য এবং ট্রোলের বিরোধিতা করবেন। কিন্তু, রাহুল মঞ্চে থেকে ওই কথাগুলো শুনে হাসছিলেন। এধরনের নিম্নরুচির সংস্কৃতিকে উৎসাহ দিচ্ছেন বলেই রাহুল ও কংগ্রেস যুব সম্প্রদায়ের মনের কথা বুঝতে পারছেন না। এব্যাপারে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ভোটে কংগ্রেসের ছাত্র সংগঠনের ভরাডুবির কথাও উল্লেখ করেছেন বিজেপি মুখপাত্র। বিজেপির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও সমালোচনা করে বলা হয়েছে, এই ঘটনা মোদির মূল্যবোধের রাজনীতি ও রাহুলের দেখনদারি রাজনীতির মধ্যে ফারাক স্পষ্ট করে দিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘নিন্দনীয়। নৈতিক দেউলিয়াপনার শীর্ষ পৌঁছে গিয়েছেন রাহুল ও কংগ্রেস। ছাত্রদের সঙ্গে একটি অনুষ্ঠানকে মোদির প্রয়াত মাকে নিয়ে কটাক্ষ ও অপমানের জন্য ব্যবহার করা হয়েছে।’ প্রসঙ্গত, ইন্দোরের রাহুলের অনুষ্ঠান মঞ্চে এক কৌতুক শিল্পী হাজির হয়েছিলেন। তিনি প্রধানমন্ত্রীর গলার স্বর নকল করে ‘ফ্রেন্ডস’ বলেন। এছাড়া একাধিক অভিব্যক্তিও করা হয়।



