নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আপাতত লক্ষ্য দু’টি—বিভিন্ন ভোটমুখী রাজ্যের নির্বাচনি কৌশল স্থির করা এবং জেন জি’দের সামলানোর রাস্তা খোঁজা। শুক্র ও শনিবার দিল্লিতে বিজেপির দু’দিনের জাতীয় পদাধিকারীদের বৈঠকে মূল আলোচনা হতে চলেছে এই দু’টি বিষয় নিয়েই। রাজনৈতিক সূত্রে খবর, বৈঠকে ভোটমুখী রাজ্যগুলিতে প্রাথমিক প্রচার কৌশল নির্ধারণ করা হবে। এই কৌশল নির্ধারণ পর্বে বিশেষ গুরুত্ব পেতে চলেছে বঙ্গজয়ের সাফল্য রহস্য। আরও জানা যাচ্ছে, বৈঠকের শেষ দিনে জাতীয় পদাধিকারীদের উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী। তবে বিজেপির অন্য একটি সূত্র জানিয়েছে, বৈঠকের দু’দিনই হাজির থাকতে পারেন নরেন্দ্র মোদি। আগামী বছর গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন রয়েছে উত্তরপ্রদেশ, পাঞ্জাবের মতো একাধিক রাজ্যে। এই বৈঠক থেকে প্রস্তুতি শুরু করে দিতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। বৈঠকে জাতীয় পদাধিকারীদের সঙ্গেই বৈঠকে হাজির থাকবেন বিভিন্ন রাজ্যের ভারপ্রাপ্ত বিজেপি নেতারাও। পাশাপাশি, আন্দোলনের ঝড় তুলে কেন্দ্রকে অস্বস্তিতে ফেলেছে জেন জি’রা। কীভাবে মন জয় করে তাঁদের সামাল দেওয়া যায়, তা নিয়েও আলোচনা হতে পারে এই বৈঠকে।



