কৌশিক ঘোষ, কলকাতা: তৃণমূল জমানার ‘দুয়ারে রেশন’ আর চালাতে আগ্রহী নয় রাজ্যের বিজেপি সরকার। তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। প্রকল্পটি সম্পর্কে বিধায়কদের মতামত চেয়েছেন খাদ্যমন্ত্রী। এই ব্যাপারে অশোক কীর্তনিয়া তাঁদের চিঠি দিয়েছেন। দুয়ারে রেশন ২০২১ সালে চালু হয়। মন্ত্রীর চিঠিতে বলা হয়েছে, প্রকল্পটির প্রয়োজনীয়তা ও বাস্তবায়ন নিয়ে গ্রাহকদের কাছ থেকে অনেক অভিযোগ পাওয়া যাচ্ছে। প্রকল্পটি থেকে মানুষ বাস্তবে কতটা উপকৃত হচ্ছেন, তা বিধায়কদের সাতদিনের মধ্যে জানাতে অনুরোধ করা হয়েছে। লক্ষ্য যখন ‘দুর্নীতিমুক্ত’ পশ্চিমবঙ্গ গঠন, তখন এই প্রকল্প চালিয়ে যাওয়া কতটা সমীচীন, জানতে চেয়েছেন খাদ্যমন্ত্রী।
এই বিষয়ে অশোকবাবুর বক্তব্য জানতে তাঁকে মেসেজ করে অবশ্য জবাব মেলেনি।
দুয়ারে রেশন প্রকল্পে ডিলারদের প্রতি কুইন্টাল খাদ্যশস্যের জন্য সাধারণত ১০৫ টাকা কমিশনের অতিরিক্ত ৭৫ টাকা দেওয়া হয়। তাছাড়া মাসে আরও ৫ হাজার টাকা তাঁরা পান। তবে অতিরিক্ত পেমেন্টের জন্য মাসে নির্ধারিত সংখ্যায় ‘দুয়ারে রেশন’ চালু রাখতে হয়। এর উপর নজর রাখে খাদ্যদপ্তর।
রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসুর অভিযোগ, রাজ্যে নয়া জমানায় মে মাস থেকে দুয়ারে রেশনের জন্য অতিরিক্ত কমিশন এবং মাসিক নির্ধারিত টাকা ডিলাররা পাচ্ছেন না। অথচ প্রকল্পটি বন্ধের বিজ্ঞপ্তিও দেয়নি খাদ্যদপ্তর।
তৃণমূল জমানায় প্রকল্পটি বন্ধ করার দাবি নিয়ে ডিলারদের সর্বভারতীয় সংগঠন আদালতে যায়। হাইকোর্ট হয়ে মামলাটির শুনানি বেশ কয়েকমাস আগে সুপ্রিম কোর্টে শেষ হলেও এখনো রায় ঘোষণা হয়নি। বিজেপি সরকার আসার আগেই শুনানি শেষ হয়ে গিয়েছিল। রেশন ডিলার সংগঠন ইতিমধ্যেই রাজ্যের কাছে প্রস্তাব দিয়েছে, দুয়ারে রেশন বন্ধ করে দিয়ে তাঁদের অতিরিক্ত কমিশন প্রভৃতি দেওয়া হোক। এতে রাজ্য সরকারের উপর অতিরিক্ত খরচ চাপবে না কিন্তু ডিলারদের আর্থিক সংকট কিছুটা কাটবে। সুপ্রিম কোর্টে শুনানিতে কেন্দ্র জানিয়েছিল, দুয়ারে রেশন প্রকল্পটি কেন্দ্রীয় খাদ্যসুরক্ষা আইনের সঙ্গে আদৌ সংগতিপূর্ণ নয়। -ফাইল চিত্র