নিজস্ব প্রতিনিধি, হাওড়া: রাজ্যে পালাবদলের পর দলবদলুদের একাংশের বিরুদ্ধে বিজেপির নাম ভাঙিয়ে কারখানায় প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগ উঠছে। শ্রমিক সংগঠন গড়ার নামে জাতীয় সড়ক সংলগ্ন শিল্পাঞ্চলে বিভিন্ন কারখানার শ্রমিক-কর্মচারীদের দলে টানার পাশাপাশি তোলাবাজির চেষ্টা চলছে বলে অভিযোগ। আর এই কাজে ব্যবহার করা হচ্ছে বিজেপির পতাকা, পদ্ম প্রতীক, এমনকি বিজেপির শীর্ষ নেতৃত্বের ছবিও। পরিস্থিতি মোকাবিলায় পুলিশের দ্বারস্থ হয়েছে বিজেপি নেতৃত্ব।
বিজেপির অভিযোগ, একসময় যাঁদের তৃণমূলের মিটিং-মিছিলে দেখা যেত, এলাকায় বুথস্তরে তৃণমূল কর্মী পরিচয়ে দাপট দেখাত, তাঁদেরই একাংশ এখন নিজেদের নব্য বিজেপি বলে পরিচয় দিচ্ছে। রাজনৈতিক পালাবদলের পর গেরুয়া শিবিরের নাম ব্যবহার করে শিল্পাঞ্চলে নিজেদের প্রভাব বাড়ানোর চেষ্টা করছেন তাঁরা। মূলত আন্দুল, ধুলাগড় ও সাঁকরাইল শিল্পাঞ্চলকেই নিশানা করা হচ্ছে। ছোটো ছোটো কারখানায় বিজেপির শ্রমিক সংগঠনের সদস্য বলে পরিচয় দিয়ে শ্রমিক-কর্মচারীদের নিজেদের সংগঠনে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। পাশাপাশি বিভিন্ন কারখানায় বিজেপির নাম করে তোলাবাজির চেষ্টাও শুরু হয়েছে বলে অভিযোগ। বিষয়টি সামনে আসতেই দলের ভাবমূর্তি রক্ষায় সক্রিয় হয়েছেন স্থানীয় বিজেপি নেতারা।
বিজেপির সাঁকরাইল-২ মণ্ডলের সভাপতি পলাশ হাজরার অভিযোগ, সম্প্রতি সাঁকরাইল এলাকায় ‘ভারতীয় জনতা মজদুর সেল’ নামে একটি সংগঠন শ্রমিক সংগঠনের পরিচয়ে বিভিন্ন কল-কারখানায় সক্রিয় হয়েছে। ধুলাগড় ট্রাক টার্মিনাল, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন সহ আশপাশের শিল্পাঞ্চলে তাদের কার্যকলাপ নিয়ে প্রশ্ন উঠেছে। সংগঠনের প্রচারে বিজেপির পদ্ম প্রতীক, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সহ দলের একাধিক শীর্ষ নেতৃত্বের ছবি ব্যবহার করা হচ্ছে। এমনকি, বিজেপির পতাকা হাতে নিয়ে মিছিল করার ছবিও সমাজ মাধ্যমে ছড়ানো হয়েছে বলে অভিযোগ। অথচ ওই সংগঠনের সঙ্গে বিজেপির কোনো সাংগঠনিক সম্পর্ক নেই বলেই দাবি গেরুয়া শিবিরের। ইতিমধ্যেই ওই সংগঠনটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাঁকরাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মণ্ডল নেতৃত্ব।
বিজেপির হাওড়া জেলা সদর সভাপতি গৌরাঙ্গ ভট্টাচার্য বলেন, ‘এই সংগঠনের সঙ্গে বিজেপির সম্পর্ক নেই। বিজেপির শ্রমিক সংগঠন নেই। মুখ্যমন্ত্রী স্পষ্ট বলে দিয়েছেন, কল-কারখানায় বিজেপির পতাকা লাগানো চলবে না। কারখানার উৎপাদন ব্যাহত হয়, এমন কোনো কাজ করা যাবে না। যাঁরা এই কাজ করছেন, তাঁদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানিয়ে মণ্ডল সভাপতি ঠিক কাজ করেছেন।’ অন্যদিকে, অভিযোগ অস্বীকার করেছে ভারতীয় জনতা মজদুর সেল। সংগঠনের গ্রামীণ হাওড়ার সহ-সভাপতি প্রশান্ত পাত্রের দাবি, তাঁদের সংগঠন বিজেপির শাখা সংগঠন নয়। এটি সম্পূর্ণ স্বতন্ত্র। তবে তাঁরা বিজেপিকে সমর্থন করেন। তাঁর কথায়, গত ১৩ নভেম্বর মহাজাতি সদনে বিজেপির বিজয়া সম্মেলনে যোগ দিতে তাঁদের সংগঠনের পক্ষ থেকেই বাসের ব্যবস্থা করা হয়েছিল। সংগঠনের নিজস্ব লোগোর পাশাপাশি প্যাডে বিজেপির পদ্ম প্রতীকও রয়েছে। রেজিস্ট্রেশনের সময়ও সেই প্রতীক ব্যবহার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেও দাবি করেছেন তিনি। দুই পক্ষের পরস্পরবিরোধী বক্তব্যে শিল্পাঞ্চলে শ্রমিক সংগঠনের নামে কারা সক্রিয়, তা নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।



