Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

লাগাতার দলবিরোধী কাজ, কর্ণাটকে ২ বিধায়ককে বহিষ্কার করল বিজেপি

দলবিরোধী কাজ। শীর্ষ নেতৃত্বের নিষেধ উপেক্ষা করে লাগাতার কংগ্রেসের সঙ্গে সম্পর্ক রাখা ও প্রকাশ্যে হাত শিবিরকে সমর্থন।

লাগাতার দলবিরোধী কাজ, কর্ণাটকে  ২ বিধায়ককে বহিষ্কার করল বিজেপি
  • ২৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: দলবিরোধী কাজ। শীর্ষ নেতৃত্বের নিষেধ উপেক্ষা করে লাগাতার কংগ্রেসের সঙ্গে সম্পর্ক রাখা ও প্রকাশ্যে হাত শিবিরকে সমর্থন। এমনই অভিযোগে কর্ণাটকে দলের দুই বিধায়কের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল বিজেপি। মঙ্গলবার বিজেপির কেন্দ্রীয় শৃঙ্খলা রক্ষা কমিটির হস্তক্ষেপে বহিষ্কার করা হল দলের দুই বিধায়ক নাম এস টি সোমশেখর ও এ শিবরাম হেব্বারকে। আগামী ছয় বছরের জন্য বহিষ্কার করা হয়েছে তাঁদের। 

Advertisement

২০১৯ সাল। বিধায়কদের একাংশের বিদ্রোহে ভেঙে গিয়েছিল এইচ ডি কুমারস্বামীর নেতৃত্বাধীন কংগ্রেস-জেডিএস জোট সরকার।  ১৮ জন বিদ্রোহী কংগ্রেস ও জেডিএস বিধায়কের সাহায্যেই রাজ্যে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসে বিজেপি। এই দলবদলু বিধায়কদের দলে ছিলেন সোমশেখর ও হেব্বারও। কংগ্রেস থেকে বিজেপিতে নাম লিখিয়েছিলেন তাঁরা। ২০২৩ সালে বিজেপির টিকিটে যশবন্তপুর থেকে নির্বাচিত হয়েছিলেন সোমশেখর ও ইয়েল্লাপুর থেকে জয়লাভ করেন হেব্বার। বিজেপি সূত্রে খবর, বিধায়ক নির্বাচিত হওয়ার পর থেকেই ফের কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে থাকে তাঁদের। বারবার দলের নিয়মকানুন, নির্দেশ অমান্য করতে থাকেন তাঁরা। দলের একাধিক বৈঠকেও এড়িয়ে গিয়েছেন। এমনকী কর্ণাটক বিধানসভায় তাঁদের কংগ্রেসকে সমর্থন করতেও দেখা গিয়েছে।  কর্ণাটক বিজেপির সভাপতি বি ওয়াই বিজয়েন্দ্রর কথায়, বহুদিন ধরে তাঁদের নানাভাবে সতর্ক করা হয়েছে। কিন্তু প্রতিবারই দলের যাবতীয় নির্দেশ ও পরামর্শ উপেক্ষা করেছেন তাঁরা। বিষয়টি নিয়ে দলের কোর কমিটিতে আলোচনা করা হয়েছে। দলের কেন্দ্রীয় নেতৃত্বকেও অবহিত করা হয়েছে। শেষমেশ তাঁদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ