নয়াদিল্লি, ৪ অক্টোবর: পাঞ্জাবের তরন তারন সীমান্তে বিএসএফের গুলিতে দুই পাকিস্তানি নাগরিকের মৃত্যুকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েন আরও বাড়ল। ঘটনার প্রতিবাদে ইসলামাবাদে ভারতীয় কূটনীতিককে তলব করার পর এবার পালটা পদক্ষেপ নিল নয়া দিল্লি। পাকিস্তান হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে ডেকে সীমান্তপারের অনুপ্রবেশ নিয়ে কড়া বার্তা দিল ভারতের বিদেশ মন্ত্রক।
শুক্রবার তরন তারন জেলার সীমান্তের কাছে তিন ব্যক্তির গতিবিধি নজরে আসে বিএসএফের। তাঁদের দাবি, তাঁরা পাকিস্তানের দিক থেকে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিলেন। জওয়ানরা তাঁদের থামতে এবং ফিরে যেতে একাধিকবার সতর্ক করেন। কিন্তু সেই নির্দেশ অগ্রাহ্য করে তাঁরা এগিয়ে আসতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় গুলি চালানো হয়। তাতে দু’জনের মৃত্যু হলেও তৃতীয় ব্যক্তি সেখান থেকে পালিয়ে যান বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে। এই ঘটনার পরই সীমান্ত নিরাপত্তা নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে সরব হয় নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের বক্তব্য, সীমান্ত দিয়ে অনুপ্রবেশের পাশাপাশি মাদক পাচারের জন্যও পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করা হচ্ছে বলে একাধিকবার অভিযোগ উঠেছে।
পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে বিষয়টি নিয়ে তদন্তের প্রয়োজনীয়তার কথা জানানো হয়েছে। বিশেষ করে অনুপ্রবেশ ও মাদক পাচারের পিছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখার পাশাপাশি পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর কোনও ভূমিকা বা সহযোগিতা ছিল কি না, সেটিও তদন্তের আওতায় আনার কথা বলা হয়েছে। নয়াদিল্লির তরফে একইসঙ্গে আন্তর্জাতিক সীমান্ত সংক্রান্ত বিধি ও দুই দেশের মধ্যে বিদ্যমান ব্যবস্থাগুলি মেনে চলার উপর জোর দেওয়া হয়েছে। পাকিস্তানের ভূখণ্ড থেকে যাতে বেআইনি ভাবে কেউ সীমান্ত পার হতে না পারেন, তা নিশ্চিত করার দায়িত্ব ইসলামাবাদের বলেও জানিয়ে দিয়েছে ভারত।