নয়াদিল্লি, ৭ অক্টোবর: আর কয়েকদিন পরই দুর্গাপুজো। উৎসবের এই মরশুম শুরুর আগেই ঋণগ্রহীতাদের জন্য এল খারাপ খবর। প্রায় ৪ বছর পর রেপো রেট বৃদ্ধির সিদ্ধান্ত নিল দেশের রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া বা আরবিআই। বাড়ানো হল ২৫ বেসিস পয়েন্ট। এর ফলে রেপো রেট ৫.৫০ শতাংশে দাঁড়াল। আগে এটি ছিল ৫.২৫ শতাংশ। তিনদিনব্যাপী মনিটরি কমিটির বৈঠকের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। মূলত দেশের মুদ্রাস্ফিতীতে লাগাম টানতেই এই সিদ্ধান্ত বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এর ফলে প্রভাবিত হবেন- গৃহ ঋণ, কার লোন এবং ব্যক্তিগত ঋণ নেওয়া ব্যক্তিরা। বাড়বে ইএমআইয়ের অঙ্কও। ফলে উৎসবের মরশুমে বাড়তি চাপ পড়বে আমজনতার পকেটের উপর। আজ ৭ অক্টোবর থেকেই নয়া এই সিদ্ধান্ত কার্যকর হবে। মধ্যপ্রাচ্যে অস্থির পরিস্থিতির জেরে ক্রুড অয়েল বা অপরিশোধিত তেলের দাম উর্ধ্বমুখী। এরফলে দেশে পেট্রোল-ডিজেলের দাম বাড়তে পারে। যার সরাসরি প্রভাব পড়তে পারে পরিবহণ এবং পণ্য সরবরাহের ক্ষেত্রেও। এছাড়াও বাড়তে পারে একাধিক খরচ। ফলে দেশের মুদ্রাস্ফিতীর উপর চাপ বাড়তেই পারে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতেই রেপো রেট বৃদ্ধির সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।



