Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাড়ি দখল করে বিজেপির জেলা পার্টি অফিস, দখলমুক্ত করতে গেলে পুলিসকে বাধা, বচসা

মঙ্গলবার দুপুরের দিকে আদালতের নির্দেশে তা দখলমুক্ত করতে আসে পুলিস ও বাড়ির মালিক।

বাড়ি দখল করে বিজেপির জেলা পার্টি অফিস, দখলমুক্ত করতে গেলে পুলিসকে বাধা, বচসা
  • ৭ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: গৃহস্থের বাড়ি দখল করে বিজেপির পার্টি অফিস! দীর্ঘ কয়েক বছর ধরে কৃষ্ণনগরে ব্যক্তিগত সম্পত্তিকে নিজেদের দলীয় কার্যালয় বানিয়ে রেখেছিল গেরুয়া শিবির। মঙ্গলবার দুপুরের দিকে আদালতের নির্দেশে তা দখলমুক্ত করতে আসে পুলিস ও বাড়ির মালিক। কিন্তু, বিজেপির তরফ থেকে তাঁদের বাধা দেওয়ার হয় বলে অভিযোগ। এদিন দলীয় কার্যালয়ে বিজেপির লোকজনের সঙ্গে বচসাও হয় মালিকপক্ষের। যদিও শেষ পর্যন্ত দখলমুক্ত না করেই ফিরে যেতে হয় তাঁদের। ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে।

Advertisement

পুলিসের দাবি, বিজেপির তরফ থেকে কিছুদিন সময় চাওয়া হয়েছে।‌ তবে এইভাবে গৃহস্থের বাড়ি জোরপূর্বক বছরের পর বছর দখল করে রাখাটা শহরবাসী ভালোভাবে নিচ্ছেন না। বাড়ির মালিক সুজাতা সরকার বলেন, বিজেপির যে পার্টি অফিস রয়েছে, সেটি আমাদের বাড়ি। চাকরি সূত্রে আমরা বাইরে থাকি। আগে পিলার করে ছাদটুকু করা ছিল। বাকি দেওয়াল ওরাই তুলে নিয়েছে। আমরা কোনওদিন ভাড়া দিইনি। ওরা জোর করেই এসব করেছে। যখন দেওয়াল তৈরি করছিল, আমরা এসে বাধা দিয়েছিলাম। তখন আমাদের বের করে দিয়েছিল ওরা।
কৃষ্ণনগর সাংগঠনিক জেলার বিজেপির জেলা-সভাপতি অর্জুন বিশ্বাস বলেন, মঙ্গলবার হঠাৎ দেখলাম, আদালত থেকে সমন নিয়ে একদল লোক এসেছে। সঙ্গে পুলিসও ছিল। আমাদের কাছে এই নিয়ে কোনও নোটিস ছিল না। অফিস নিয়ে চলা মামলার এখনও নিষ্পত্তি হয়নি। তারপরেও এমনটা কেন হল, তা নিয়ে আইনজীবীদের সঙ্গে কথা বলব।
কৃষ্ণনগর শহরের বুকে চ্যালেঞ্জ মোড় সংলগ্ন এলাকায় রয়েছে বিজেপির নদীয়া উত্তর সাংগঠনিক জেলার দলীয় কার্যালয়। বিগত প্রায় পাঁচবছর ধরে সেখানেই বিজেপির সমস্ত সাংগঠনিক কাজকর্ম হয়ে আসছে। তবে এই দলীয় কার্যালয় নিয়ে বিগত বেশ কয়েক বছর ধরে বিতর্ক চলছে। মালিকপক্ষের তরফে অভিযোগ করা হয় যে বিজেপি জোর করে তাদের বাড়ি দখল করে নিয়ে পার্টি অফিস বানিয়েছে। বর্তমানে সেই বাড়ির ভাড়াও নাকি বিজেপি দেয় না। অতীতে বাড়ি দখলমুক্ত করতে গেলে বিজেপির তরফ থেকে মালিকপক্ষকে হেনস্তাও করা হয়েছিল বলে অভিযোগ। যারজন্য ২০২০ সাল নাগাদ মালিকপক্ষের তরফ থেকে কৃষ্ণনগর আদালতে মামলা করা হয়। সম্প্রতি সেই মামলার রায় দেয় আদালত। তাতে বিচারক বাড়িটি দখলমুক্ত করার নির্দেশ দিয়েছেন বলে মালিকপক্ষের দাবি। সেইমতো এদিন পুলিসের তরফ থেকে বাড়িটি দখলমুক্ত করতে গেলে বিজেপি প্রশাসনকে বাধা দেয় এবং বাড়ির মালিককে ফিরিয়ে দেয়।
সুজাতাদেবীর জামাই সঞ্জীব সাহা বলেন, আমার শ্বশুরবাড়ির তরফ থেকে অনেকদিন আগে এই বাড়িটি একজনকে ভাড়া দেওয়া হয়। সেটিই পরবর্তীতে বিজেপির পার্টি অফিস বানিয়ে ফেলা হয়েছে। কিন্তু বিজেপির সঙ্গে ভাড়ার কোনও চুক্তি হয়নি। ওরা এসে বাড়িটি দখল করে নেয়।‌ আমরা কৃষ্ণনগর আদালতে মামলা করি। সেই মামলা এতদিন চলছিল। ৬ মে বাড়িটি দখলমুক্ত করার নির্দেশ দেয় আদালত। তিনি বলেন, বাড়ি দখলমুক্ত করতে এলে বিজেপির জেলা সভাপতি আমাদের জানান, সর্বভারতীয় রাজনৈতিক দলকে নাকি এইভাবে সরানো যায় না। রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলে তবেই উনি সিদ্ধান্ত নেবেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ