Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিজেপি কাজ করতে দেয়নি, ডুয়ার্সে পা রেখেই তোপ জন বারলার

বিজেপি কাজ করতে দেয়নি, ডুয়ার্সে পা রেখেই তোপ জন বারলার
  • ১৭ মে, ২০২৫ ১৮:০৫
Prefer us on Google

জলপাইগুড়ি: বিজেপি কাজ করতে দেয়নি। উন্নয়নের কাজ করতে গেলে পদে পদে বাধা দিয়েছেন পদ্ম পার্টির নেতারা। শনিবার ডুয়ার্সে পা রেখে ঠিক এই ভাষাতে প্রাক্তন দলকে আক্রমণ করলেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা। পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনে তরাই ও ডুয়ার্সের সবক’টি আসনে তৃণমূল জয়লাভ করবে বলে জোরের সঙ্গে জানিয়েছেন তিনি।

Advertisement

তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর এদিন নিজের জেলা জলপাইগুড়িতে ফিরলেন বারলা। শিলিগুড়ি থেকে গাড়িতে সেভক হয়ে ফেরেন তিনি। বর্ষীয়ান এই রাজনীতিককে স্বাগত জানাতে রাস্তার ধারে ভিড় করেন তৃণমূল কর্মীরা। প্রথমে ওদলাবাড়িতে রাজ্যের শাসক দলের নেতাকর্মীরা তাঁকে বরণ করে নেন। এরপর মালবাজারেও তাঁকে স্বাগত জানানো হয় মাল শহর ও গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। মালবাজারে জন বারলাকে স্বাগত জানান আলিপুরদুয়ার জেলা তৃণমূলের সভাপতি তথা রাজ্যসভার সাংসদ প্রকাশচিক বরাইক এবং আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন রায়। এরপর সেখান থেকে বানারহাটের লক্ষ্মীপাড়া চা বাগানে নিজের বাড়ির উদ্দেশে রওনা হন জন। রেড ব্যাঙ্ক চা বাগান মোড়ে সকাল থেকে অপেক্ষায় ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। সেখানে বারলাকে স্বাগত জানানো হয়। এরপর বাইক র‍্যালি করে তাঁকে নিয়ে আসা হয় বানারহাট ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বারলা বলেন, ‘বিজেপি কাজ করতে দেয়নি। কেন্দ্রের সরকার শুধু প্রকল্প ঘোষণা করেই দায় সারছে। সেই প্রকল্প রূপায়ণের কোনও উদ্যোগ নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নের কাজ করব। আগামী বিধানসভা নির্বাচনে তরাই-ডুয়ার্সের সব আসনে বিজেপিকে হারাব।’

Advertisement
সম্পর্কিত সংবাদ