Bartaman Logo
২৮ মে, ২০২৬

৪৪ বিধায়কের সমর্থন, মণিপুরে সরকার গঠনের দাবি বিজেপির

মণিপুরের রাজনৈতিক অচলাবস্থার অবসান হতে চলেছে। মঙ্গলবার সরকার গঠনের দাবি জানিয়ে রাজ্যপাল অজয় কুমার ভাল্লার সঙ্গে দেখা করেন বিজেপি বিধায়ক থোকচোম রাধেশ্যাম সিং।

৪৪ বিধায়কের সমর্থন, মণিপুরে সরকার গঠনের দাবি বিজেপির
  • ২৯ মে, ২০২৫ ১৬:০৫

বিশেষ সংবাদদাতা, আগরতলা: মণিপুরের রাজনৈতিক অচলাবস্থার অবসান হতে চলেছে। মঙ্গলবার সরকার গঠনের দাবি জানিয়ে রাজ্যপাল অজয় কুমার ভাল্লার সঙ্গে দেখা করেন বিজেপি বিধায়ক থোকচোম রাধেশ্যাম সিং। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির আটজন এবং এনপিপির একজন বিধায়ক। এছাড়াও ছিলেন একজন নির্দল বিধায়ক। রাজ্যপালের সঙ্গে দেখা করার পর বেরিয়ে এসে থোকচোম বলেন, ‘মোট ৪৪ জন বিধায়ক জনগণের সরকার গঠনে সম্মত হয়েছেন। মানুষের ইচ্ছাকে সম্মান জানিয়েই এই সিদ্ধান্ত। বিধায়করা নতুন সরকার গড়তে প্রস্তুত। বিষয়টি রাজ্যপালকে জানিয়েছি। রাজ্যপাল আমাদের কথা শুনেছেন এবং জনগণের স্বার্থে যথাযথ পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন।’ উল্লেখ্য, ১৩ ফেব্রুয়ারি মণিপুরের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন এন বীরেন সিং। এরপর থেকে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি রয়েছে। সরকার গঠনের দাবি প্রসঙ্গে নির্দল বিধায়ক সপম নিশিকান্ত সিং বলেন, ‘রাজ্যের অধিকাংশ মানুষ নির্বাচিত সরকারকে ক্ষমতায় দেখতে চান। একারণেই আমরা রাজ্যপালের সঙ্গে দেখা করতে এসেছি। মূলত সরকার গঠন নিয়েই এদিন আলোচনা হয়েছে। রাজ্যপালের ভূমিকা ইতিবাচক।’ এই পরিস্থিতিতে সকলের নজর এখন রাজ্যপালের পরবর্তী পদক্ষেপের দিকে। প্রসঙ্গত, ৬০ সদস্যের মণিপুর বিধানসভায় এখন বিধায়ক রয়েছেন ৫৯ জন। একজন বিধায়কের মৃত্যু হওয়ায় একটি আসন ফাঁকা রয়েছে। বিজেপি নেতৃত্বাধীন জোটে ৩২ জন মেইতেই, ৩ জন মণিপুরি মুসলিম এবং ৯ জন নাগা বিধায়ক সহ মোট ৪৪ জন রয়েছেন। অন্যদিকে, কংগ্রেসের ৫ জন বিধায়ক রয়েছেন। এঁরা সকলে মেইতেই। অবশিষ্ট ১০ জন কুকি সম্প্রদায়ভুক্ত। এঁদের মধ্যে ৭ জন বিজেপি বিধায়ক, ২ জন কুকি পিপলস অ্যালায়েন্সের এবং ১ জন নির্দল বিধায়ক।

Advertisement
সম্পর্কিত সংবাদ