নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: চলতি বছরের শেষে বিহারে আর আগামী বছরের প্রায় গোড়াতেই পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরিতে ভোট। ২০২৭ সালে গুজরাত, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, মণিপুর, গোয়া, হিমাচল প্রদেশে। এর মধ্যে বেশিরভাগ রাজ্য বিজেপি শাসিত। কয়েকটি রাজ্যে আবার প্রবলভাবে ক্ষমতা দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে গেরুয়া শিবির। অর্থাৎ, বিশেষত বিজেপি তথা গেরুয়া শিবিরের জন্য একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটপর্ব কার্যত দোরগোড়াতেই কড়া নাড়ছে। এই পরিস্থিতিতে রাজ্যে রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিচ্ছে গেরুয়া শিবির। সেইমতো এবার সরাসরি ময়দানে নামছে সঙ্ঘ পরিবার। নির্বাচনী প্রস্তুতির প্রাথমিক অঙ্গ হিসেবেই আগামী মাসের গোড়ায় দিল্লিতে তিনদিনব্যাপী জরুরি বৈঠকে বসছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)। সূত্রের খবর, আগামী ৪, ৫ এবং ৬ জুলাই দিল্লিতে সঙ্ঘের ওই গুরুত্বপূর্ণ বৈঠক হতে পারে। সেখানে ডাকা হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সমস্ত প্রান্ত প্রচারককে।



