নিজস্ব প্রতিনিধি, ময়না: পূর্ব মেদিনীপুরের ময়নার তৃণমূল প্রার্থী চন্দন মণ্ডলের বাইক র্যালিতে হামলা চালাল বিজেপি। ঘটনাটি ঘটে বাকচা পঞ্চায়েতের হালিশহর গ্রামে। মাথা ফাটে তৃণমূল কর্মীর। রক্তাক্ত তৃণমূল কর্মীকে নিয়ে যাওয়া হল গড়ময়না গ্রামীণ হাসপাতালে। র্যালিতে অংশ নেওয়া একের পর এক বাইক ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। শনিবার বেলা ১১টা নাগাদ বাকচা পঞ্চায়েতের হালিশহর গ্রামে ওই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায়। অভিযোগ, তৃণমূল কর্মীদের উপর লাঠি, রড ও বাঁশ দিয়ে হামলা চালানো হয়। রাস্তার ধারে পড়ে থাকা স্টোনচিপস ছুড়ে মারা যায়। মাথায় রড দিয়ে আঘাত করায় গুরুপদ বেরা নামে এক তৃণমূল কর্মী গুরুতর আঘাত পান। শেখ সাত্তার আলি নামে শাসক দলের আরও এক কর্মী জখম হয়েছেন। তৃণমূল প্রার্থী চন্দনবাবুও হামলার শিকার। তাঁর মুখে ঘুসি মারা হয়। ওই ঘটনার পর আধাসেনা এবং বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। তমলুকের এসডিপিও শুভদীপ ঘোষ, নন্দকুমারের সার্কেল ইন্সপেক্টর রাহুল দেবনাথ, ময়নার ওসি বুদ্ধদেব মাল ঘটনাস্থলে যান। স্থানীয় বিজেপি নেতা ব্রজগোপাল মণ্ডলের নেতৃত্বে হামলা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ। কেন্দ্রীয় বাহিনীর কাছে ওই নেতাকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি তোলে তৃণমূল। আধা সেনা হালিশহরে গ্রামের ভিতর রুটমার্চ করে।
সকাল ১০টা নাগাদ তৃণমূল প্রার্থী চন্দন মণ্ডলকে সামনে রেখে পেটুয়ার মোড় থেকে বাইক র্যালি শুরু করেন কর্মী-সমর্থকরা। হালিশহরে ঢোকার মুখে র্যালি বাধার মুখে পড়ে। ঢালাই রাস্তার উপর ভাঙা অ্যাসবেসটস, লাঠি, বাঁশ ফেলে ২৫-৩০ জন বিজেপি কর্মী দাঁড়িয়েছিল। সঙ্গে মহিলারাও ছিল। তাদের হাতে ঝাঁটা ও জুতো ছিল। তৃণমূল কংগ্রেসের বাইক র্যালি সেখানে পৌঁছাতেই হামলা শুরু হয়। বাইক ভাঙচুর চলে।
হামলার মুহূর্তের ছবি তোলার সময় বিজেপির টার্গেটে পড়েন সংবাদ মাধ্যমের কর্মীরাও। দুষ্কৃতীরা তাঁদের ধাওয়া করে। আচমকা ওই হামলায় তৃণমূল কর্মীরা বাইক ছেড়ে দৌড়ে পালিয়ে যান। তৃণমূল প্রার্থী চন্দনবাবু দলীয় কর্মীদের নিয়ে খানিকটা পিছিয়ে খিদিরপুর গ্রামে রাস্তায় ধারে দাঁড়িয়েছিলেন। তাঁকে ঘিরে ছিলেন দলীয় কর্মীরা। কয়েকজন কর্মী প্রাণ বাঁচাতে ইটভাটায় আশ্রয় নেন। ঘটনার খবর পেয়ে ময়না থানা থেকে বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কিছুক্ষণ পর কেন্দ্রীয় বাহিনীও যায়। তৃণমূল প্রার্থী সহ কর্মীরা বিজেপি নেতা ব্রজগোপালকে গ্রেপ্তারের দাবি তোলেন।
চন্দনবাবু বলেন, এদিন শান্তিপূর্ণভাবে র্যালি হচ্ছিল। বিজেপির কিছু দুষ্কৃতী রাস্তা আটকে দাঁড়িয়েছিল। ঝাঁটা, লাঠি, রড নিয়ে হামলা চালায়। তারা পাথরও ছুড়েছে। বাকচার মানুষজন শান্তিপূর্ণভাবে ভোট দিতে চান। কিন্তু, বিজেপি সন্ত্রাসের পরিবেশ জারি রেখেছে। ভোটারদের ভয় দেখানোর চেষ্টা করছে। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি। দ্রুত আইনি পদক্ষেপের দাবি জানাচ্ছি। বাকচায় অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোটদানের ব্যবস্থা করা হোক।
বিজেপির ময়না-৩ মণ্ডল কমিটির সভাপতি উত্তম সিং বলেন, তৃণমূল প্রার্থীর ভোটপ্রচার চলাকালীন হালিশহরে আমাদের পার্টি অফিসে ভাঙচুর করা হয়। সেখানে দাঁড়িয়ে থাকা আমাদের কর্মীকে কটূক্তি করা হয়। ওরা ফেরার সময় মহিলারা ঝাঁটা, জুতো নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন। সেই সময় দু’পক্ষের মধ্যে ঝামেলা হয়।