Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

খাতড়ায় খাদ্য প্রতিমন্ত্রীর স্বামীকে মারধরে অভিযুক্ত বিজেপি, ধৃত ৫

খাতড়ায় রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডির স্বামীকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।

খাতড়ায় খাদ্য প্রতিমন্ত্রীর স্বামীকে মারধরে অভিযুক্ত বিজেপি, ধৃত ৫
  • ১৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: খাতড়ায় রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডির স্বামীকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। শুক্রবার রাতে খাতড়া বাজারে এঘটনায় মন্ত্রীর স্বামী তুহিন তুষার মাণ্ডি জখম হন। খাতড়া মহকুমা হাসপাতালে তিনি প্রাথমিক চিকিৎসা করান। মন্ত্রী খাতড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিস তদন্তে নেমে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। বিজেপি অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে মারপিটের ঘটনা ঘটেছে। পুলিস সেখানে গিয়ে লাঠিচার্জ করায় মন্ত্রীর স্বামী জখম হয়েছেন বলে শুনেছি। এর সঙ্গে আমাদের যোগ নেই। পুলিস মিথ্যা মামলায় আমাদের দলের পাঁচজনকে গ্রেপ্তার করেছে। অবিলম্বে তাঁদের মুক্তি না দিলে আন্দোলনে নামব।

Advertisement

বাঁকুড়ার পুলিস সুপার বৈভব তেওয়ারি বলেন, মারপিটের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের শনিবার খাতড়া মহকুমা আদালতে তুলে তিনদিনের পুলিস হেফাজতে নেওয়া হয়। পুলিসের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ঠিক নয়। পুলিস খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দু’পক্ষকে তাড়া করে হটিয়ে দেয়। জ্যোৎস্না মাণ্ডি বলেন, কিছুদিন ধরে খাতড়া বাজারে বিজেপি কর্মীরা আমাদের দলের লোকজনের উদ্দেশে কটূক্তি করছিল। মাঝেমধ্যে হুমকিও দেওয়া হচ্ছিল। তা নিয়ে দু’পক্ষের মধ্যে কয়েকবার বচসা হয়। শুক্রবার রাতে আমার স্বামী খাতড়া বাজারে মুদির দোকানে গিয়েছিলেন। ফেরার পথে বিজেপির লোকজন তাঁকে লাঠি, বাঁশ দিয়ে পেটায়। তাঁর হাতে, পিঠে, ঘাড়ে চোট লেগেছে। বিজেপি নিজেদের দোষ ঢাকতে আমাদের দলের কোন্দল ও পুলিসের লাঠিচার্জের মিথ্যা তত্ত্ব খাড়া করছে। খাতড়া থানায় অভিযোগ জানিয়ে ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দাবি করেছি। বিষয়টি দলীয় নেতৃত্বকে জানানো হয়েছে।
একসময় খাতড়ায় রাজনৈতিক সংঘর্ষ নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। তৃণমূলের কোন্দলের জেরে প্রায়দিনই খাতড়া বাজারে মারপিট হতো। বাঁকুড়া জেলা পরিষদের এক প্রাক্তন কর্মাধ্যক্ষ ও খাতড়া পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতির গোষ্ঠীর লড়াই জেলার রাজনীতির অন্যতম চর্চার বিষয় ছিল। পরে কয়েকবছরের ব্যবধানে দু’জনই বিজেপিতে চলে যান। তারপর খাতড়া প্রায় শান্তই ছিল। ফের সেখানে তৃণমূল ও বিজেপির টানাপোড়েন শুরু হওয়ায় বাসিন্দারা সিঁদুরে মেঘ দেখছেন। 
 তুহিন তুষার মাণ্ডি। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ