Bartaman Logo
৩০ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভগবানপুরে শীতলাপুজোর শোভাযাত্রায় হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

ভগবানপুর থানার নুনহন্ড গ্রামে শীতলাপুজোর শোভাযাত্রায় হামলার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল। এই ঘটনায় কয়েকজন জখম হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের আঘাত গুরুতর।

ভগবানপুরে শীতলাপুজোর শোভাযাত্রায় হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
  • ২৯ এপ্রিল, ২০২৬ ০৪:০০

সংবাদদাতা, কাঁথি: ভগবানপুর থানার নুনহন্ড গ্রামে শীতলাপুজোর শোভাযাত্রায় হামলার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল। এই ঘটনায় কয়েকজন জখম হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের আঘাত গুরুতর। হামলার ঘটনায় লেগেছে রাজনৈতিক রং। তৃণমূলের অভিযোগ,  বিজেপির লোকজন পরিকল্পনা করে হামলা চালিয়েছে। বিজেপি অবশ্য বিষয়টিকে নিছক গ্রাম্য ঝামেলা বলে দাবি করেছে। এঘটনায় দু’পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। 

Advertisement

ভগবানপুর থানার ওসি মহম্মদ মহিউদ্দিন বলেন, ঘটনার তদন্ত চলছে। মঙ্গলবার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেখানে টহল দেন। নতুন করে যাতে ঝামেলা না হয়, সেজন্য পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।
শিমুলিয়া পঞ্চায়েতের আওতায় পড়ে নুনহন্ড গ্রাম। সোমবার রাত ৮টা নাগাদ স্থানীয় তালপুকুর থেকে শীতলা মায়ের মূর্তি নিয়ে ‘জয় মা শীতলা’ ধ্বনি দিতে দিতে গ্রামে ফিরছিলেন বাসিন্দারা। শোভাযাত্রায় শতাধিক পুরুষ-মহিলা ছিলেন। সেসময় কয়েকজন বিজেপি কর্মী-সমর্থক গাড়িতে চেপে একই রাস্তা দিয়ে আসছিলেন। রাস্তায় যাতায়াতের জায়গা না পাওয়া নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের সঙ্গে তাঁদের বচসা শুরু হয়।
তৃণমূলের অভিযোগ, সেসময় বিজেপির লোকজন ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে দিতে লাঠি, বাঁশ ও অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তিনজন পুরুষ-মহিলা গুরুতর জখম হন। ভগবানপুর গ্রামীণ হাসপাতালে তাঁদের প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে। খবর পেয়ে ভগবানপুর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপসুন্দর পণ্ডা সহ অন্য নেতারা হাসপাতালে যান। তাঁরা জখমদের সঙ্গে কথা বলেন। এলাকার বিজেপি নেতা দেবব্রত কর বলেন, শোভাযাত্রা চলাকালীন একটি গ্রাম্য ঝামেলা হয়েছিল। 
তৃণমূল এতে রাজনৈতিক রং দিয়েছে। আসলে ওদের পায়ের তলার মাটি সরে গিয়েছে। তৃণমূল নেতা অরূপবাবু বলেন, শোভাযাত্রায় আমাদের দলের লোকজন ছিলেন। তাই পরিকল্পনা করে বিজেপি হামলা চালিয়েছে। এই ন্যাক্কারজনক ঘটনা মেনে নেওয়া যায় না। ধর্মীয় অনুষ্ঠান ঘিরে এধরনের হিংসা উদ্বেগজনক। আমরা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছি। 

সম্পর্কিত সংবাদ