Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বড়জোড়ায় কারখানায় দাদাগিরি বিজেপির, কর্তৃপক্ষের সঙ্গে বচসা

বড়জোড়ায় কারখানায় দাদাগিরি বিজেপির, কর্তৃপক্ষের সঙ্গে বচসা
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: মঙ্গলবার বড়জোড়ার হাটআশুরিয়া এলাকার একটি কারখানায় ‘দাদাগিরি’র অভিযোগ উঠল গেরুয়া শিবিরের বিরুদ্ধে। এদিন ওই এলাকার একটি ফেরো অ্যালয় কারখানায় বিজেপির কয়েকজন কর্মী জোর করে ঢুকে পড়ে বলে অভিযোগ। সেখানে তারা হুজ্জুতি শুরু করে। স্থানীয়দের মধ্য থেকেই কর্মী নিয়োগ করার দাবি সংক্রান্ত বিষয় নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বিজেপি নেতাকর্মীদের তুমুল বচসা হয়। ফলে কারখানা চত্বরে উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে বড়জোড়া থানার পুলিস গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।
Advertisement
কারখানার এক আধিকারিক বলেন, বিজেপি কর্মী ও বহিরাগত মিলিয়ে প্রায় ৩০-৪০জন এদিন আচমকা কারখানার মধ্যে জোর করে ঢুকে পড়ে। আমাদের কর্মীদের হেনস্তা করে। আধিকারিকদের গালিগালাজ ও হুমকি দেওয়া হয়। পুলিসকে মৌখিক অভিযোগ জানানো হয়েছে। পরে লিখিত অভিযোগ জমা দেওয়া হবে। এই কারখানাটি চার মাস আগে চালু হয়েছে। মোট ২০০জন শ্রমিক কাজ করছেন। শ্রমিকদের মধ্যে সিংহভাগই স্থানীয়। এদিন গণ্ডগোলের জেরে কারখানায় বেশ কিছুক্ষণ কাজ বন্ধ ছিল। তারফলে আমাদের আর্থিক ক্ষতি হয়েছে। 
বিজেপির বড়জোড়া-১ মণ্ডলের সভাপতি গোবিন্দ ঘোষ বলেন, ওই কারখানায় বাইরের লোকজন এনে কাজ করানো হচ্ছে। বারবার কর্তৃপক্ষকে বলা সত্ত্বেও স্থানীয়রা কাজ পাচ্ছেন না। স্থানীয়রা যাতে কাজ পায় তারজন্যই দলের কর্মীরা এদিন কারখানা চত্বরে বিক্ষোভ দেখিয়েছে। হুমকি, হেনস্তা ও গালিগালাজের অভিযোগ ভিত্তিহীন। আসলে তৃণমূলের মদতে কারখানা মালিকদের একাংশ কম টাকার বিনিময়ে শ্রমিকদের দিয়ে কাজ করিয়ে নিচ্ছে। সেই কারণেই তারা বাইরে থেকে লোক আনছে। স্থানীয়দের নিয়োগের দাবিতে আমাদের আন্দোলন চলবে। বড়জোড়ার তৃণমূল বিধায়ক অলোক মুখোপাধ্যায় বলেন, বিজেপি ওই কারখানায় ঢুকে ব্যাপক বিশৃঙ্খলা করেছে। বিজেপি কর্মীরা কারখানার আধিকারিক ও শ্রমিকদের হেনস্তা করেছে। আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি। অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে পুলিসকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। তিনি আরও বলেন, বড়জোড়া শিল্পাঞ্চলে দীর্ঘদিন ধরে শান্তি বজায় ছিল। তবে সম্প্রতি বিজেপির নেতাকর্মীরা অযথা শিল্পতালুকের পরিবেশ নষ্ট করছে। উন্নয়নে বাধা দিতেই বিজেপি পরিকল্পনামাফিক এসব করছে।  বড়জোড়া থানার এক আধিকারিক বলেন, এদিন পুলিস গিয়ে কারখানা থেকে বিক্ষোভকারীদের বের করে দেয়। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।  
সম্পর্কিত সংবাদ