ক্যামেরায় বিশ্বজয় কৃত্তিকার
  • ১৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

‘ঘর হতে শুধু দুই পা ফেলিয়া/ একটি ধানের শিষের উপরে/ একটি শিশিরবিন্দু।’ 

Advertisement

অসাধারণ কিছু খুঁজে পেতে সব সময় দূর দেশে পাড়ি দিতে হয় না। কখনো কখনো বাড়ির ছোট্ট বাগানেও লুকিয়ে থাকে বিস্ময়। সেই কথাই যেন প্রমাণ করল সিঙ্গুরের কৃত্তিকা মুখোপাধ্যায়। মাত্র ১৪ বছর বয়সে ক্যামেরায় প্রকৃতির মুহূর্ত বন্দি করে আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃতি পেল সে। তার তোলা ছবি জায়গা করে নিয়েছে লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের ‘ওয়াইল্ড লাইফ ফোটোগ্রাফার অব দ্য ইয়ার’ প্রদর্শনীতে। সিঙ্গুর গোলাপ মোহিনী মল্লিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী কৃত্তিকা এ বছরের প্রতিযোগিতায় ১১ থেকে ১৪ বছর বয়সিদের বিভাগে বিশেষ স্বীকৃতি পেয়েছে। ‘হোম কমফর্টস’ নামের তার ছবিটি নির্বাচিত হয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ বন্যপ্রাণের ছবির প্রদর্শনীর জন্য। ১২১টি দেশ ও অঞ্চল থেকে জমা পড়েছিল ৬৫ হাজার ৪০৩টি ছবি। তার মধ্যে মাত্র ১০০টি ছবি প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে। এ বছর তিনটি বয়সভিত্তিক বিভাগ মিলিয়ে স্বীকৃতি পাওয়া একমাত্র ভারতীয় ১৪ বছরের কৃত্তিকা।
তবে এই সাফল্যের শুরু কোনো জঙ্গল কিংবা অভয়ারণ্যে নয়। বাড়ির পাশের বাগানে পাখি, পোকামাকড় আর প্রকৃতির নানা খুঁটিনাটি দেখতে দেখতেই তৈরি হয়েছিল তার আগ্রহ। মাত্র ন’বছর বয়সে, তৃতীয় শ্রেণিতে পড়ার সময় প্রথম ক্যামেরা হাতে তুলে নেয় সে। তারপর থেকে চারপাশের চেনা জগতকে অন্য চোখে দেখতে শেখে কৃত্তিকা। বন্যপ্রাণের আলোকচিত্র চর্চার পরিবেশ অবশ্য ছোটো থেকেই পেয়েছে সে। বাবা কল্লোল মুখোপাধ্যায় জনপ্রিয় ওয়াইল্ড লাইফ ফোটোগ্রাফার। দিদিও পুরস্কারপ্রাপ্ত ফোটোগ্রাফার। পারিবারিক আগ্রহ তাকে অনুপ্রাণিত করেছে ঠিকই, কিন্তু নিজের কৌতূহল, ধৈর্য এবং পর্যবেক্ষণ ক্ষমতাই তাকে পৌঁছে দিয়েছে আন্তর্জাতিক স্বীকৃতির দোরগোড়ায়। এই সাফল্যে উচ্ছ্বসিত কৃত্তিকা চায়, দেশের অন্য স্কুলপড়ুয়ারাও প্রকৃতিকে নতুন করে চিনুক। তার কথায়, অসাধারণ কিছু খুঁজে পেতে অনেক দূরে যাওয়ার প্রয়োজন নেই। কখনও কখনও তা অপেক্ষা করে থাকে নিজের বাড়ির ঠিক বাইরেই। প্রকৃতির দিকে তাকানোর অভ্যাসই বদলে দিতে পারে দৃষ্টিভঙ্গি। 
সিঙ্গুরের একটি ছোটো বাগান থেকে লন্ডনের আন্তর্জাতিক প্রদর্শনী— কৃত্তিকার এই সফর কেবল ব্যক্তিগত সাফল্যের গল্প নয়। বয়স স্বপ্নপূরণের পথে বাধা নয়, কৃত্তিকা তারই উজ্জ্বল উদাহরণ।