নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বিষ্ণুপুরের যুবক খুনের ঘটনায় এখনও অধরা তিন দুষ্কৃতী। রবিবার রাতে চার ছিনতাইকারীকে ধরতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল গোবিন্দ পাঁজার। সেই ঘটনায় একজন ধরা পড়লেও বাকি অভিযুক্তরা পলাতক। বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে বিষ্ণুপুর থানার পুলিস। কিন্তু তাদের নাগাল এখনও পাওয়া যায়নি। প্রশ্ন হল, মুরগির ব্যবসায়ী শঙ্কর ধারাকে কেনই বা বার বার টার্গেট করছে দুষ্কৃতীরা? পুরনো কোনও শত্রুতা নাকি রয়েছে অন্য কোনও কারণ তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। যদিও ডায়মন্ডহারবার পুলিস জেলার এক আধিকারিক বলেন, তদন্ত এখনও চলছে। দু’-একদিনের মধ্যেই সবটা স্পষ্ট হয়ে যাবে। ওই মুরগি ব্যবসায়ীর সঙ্গে কারও কোনও বিবাদ বা ঝামেলা ছিল কি না, সেই দিকটাও খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা। ধৃত আশিক মোল্লাকে জেরা করে তার সঙ্গীদের ধরতে চাইছেন তাঁরা। কোথায় গা ঢাকা দিতে পারে ওই অভিযুক্তরা সেটাই মূলত জানার চেষ্টা করছে পুলিস।



