Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

তিন মাসেও মেরামত হয়নি বীরপাড়ার গ্যারগেন্দা সেতু

পাহাড়ে বৃষ্টির জেরে জলের তোড়ে বীরপাড়ার কাছে ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ে সড়কে গ্যারগেন্দা সেতুর অ্যাপ্রোচ রোড ধসে গিয়েছে।

তিন মাসেও মেরামত হয়নি বীরপাড়ার গ্যারগেন্দা সেতু
  • ২৪ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: পাহাড়ে বৃষ্টির জেরে জলের তোড়ে বীরপাড়ার কাছে ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ে সড়কে গ্যারগেন্দা সেতুর অ্যাপ্রোচ রোড ধসে গিয়েছে। ধসে ও জলোচ্ছ্বাসে সেতুর মাঝের একটি পিলারও বসে গিয়েছে। এই ঘটনার পর তিন মাস কেটে গিয়েছে। কিন্তু আজও ক্ষতিগ্রস্ত সেতু ও অ্যাপ্রোচ রোড মেরামতে সংশ্লিষ্ট হাইওয়ে কর্তৃপক্ষের কোনও হেলদোল নেই বলে অভিযোগ উঠেছে। 

Advertisement

উত্তর-পূর্বাঞ্চলে যোগাযোগের প্রবেশদ্বার বলা হয় এই ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ে সড়ককে। কারণ হাসিমারার কাছে এই সড়ক যুক্ত হয়েছে অসমগামী ৩১-সি জাতীয় সড়কের সঙ্গে। ফলে দেশের অন্যতম লাইফ লাইনে ক্ষতিগ্রস্ত এই সেতু আজও মেরামত না হওয়ায় স্বাভাবিকভাবেই নিত্যযাত্রী, পরিবহণ কর্মী থেকে স্থানীয় পুলিস প্রশাসন ক্ষুব্ধ। কারণ ক্ষতিগ্রস্ত হওয়ার পর ওই সেতু দিয়ে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে জেলা পুলিস। ভারী যানবাহনগুলিকে মাদারিহাট ও বীরপাড়া থেকে ২৪ কিমি ঘুরপথে ফালাকাটা দিয়ে চালানো হচ্ছে। তুলনামূলক ছোট গাড়িগুলিকে এশিয়ান হাইওয়ে সড়কের এক লেন দিয়ে সেতু পার করানো হচ্ছে। এতে ওই সেতুতে প্রতিদিন তীব্র যানজট হচ্ছে। আর দিনে রাতে ২৪ ঘণ্টা সেই যানজট সামাল দিতে নাজেহাল হতে হচ্ছে বীরপাড়া থানার পুলিসকে। ক্ষতিগ্রস্ত সেতুর কারণে জয়গাঁ ও ভুটানে ব্যবসায় মার খেতে হচ্ছে স্থানীয় ব্যবসায়ী মহলকে।
জয়গাঁ ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, কেন্দ্রীয় সরকার তো সমস্ত ক্ষেত্রেই বাংলাকে বঞ্চিত করছে। তারই নমুনা ওই ক্ষতিগ্রস্ত সেতু মেরামতে এশিয়ান হাইওয়ে সড়ক কর্তৃপক্ষের উদাসীনতা। বীরপাড়ার ব্যবসায়ী মান্নালাল জৈন বলেন, ক্ষতিগ্রস্ত ওই সেতুর কারণে প্রচুর সময় অপচয় হচ্ছে। বাইরে যেতে ও পণ্য পাঠাতে অতিরিক্ত সময় লাগছে।  আলিপুরদুয়ারের পুলিস সুপার ওয়াই রঘুবংশী বলেন, ক্ষতিগ্রস্ত গ্যারগেন্দা সেতু দ্রুত মেরামতের জন্য এশিয়ান হাইওয়ে সড়ক কর্তৃপক্ষকে জেলা পুলিসের তরফে অনুরোধ করা হয়েছে।
সমতলে না হলেও গত ৩০ ও ৩১ মে ভুটানে ভারী বৃষ্টি হয়েছিল। পাহাড়ে সেই বৃষ্টির জেরে শুকনো গ্যারগেন্দা নদীর হড়পা বানের ধাক্কায় ধসে ক্ষতিগ্রস্ত হয় গ্যারগেন্দা সেতু। বসে যায় সেতুর মাঝের একটি পিলার। সেই সময় সংশ্লিষ্ট হাইওয়ে কর্তৃপক্ষ দাবি করে বলেছিল ২০ দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত সেতু মেরামত করে দেওয়া হবে। কিন্তু তিন মাস পরেও মেরামতের কাজ শুরু হয়নি। 
যদিও ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ে সড়কের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার রমেন মণ্ডল বলেন, ক্ষতিগ্রস্ত সেতুটি মেরামতের জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ। শীঘ্রই মেরামতের কাজ 
শুরু হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ