নিজস্ব প্রতিনিধি, বোলপুর: কর্তব্যরত পুলিশ কনস্টেবলকে গুলি মারার ঘটনায় মূল অভিযুক্ত রতন শেখ পুলিশের এনকাউন্টারে নিহত হওয়ার পর থেকেই রাজ্যজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এনকাউন্টারের নিয়মকানুন ঠিক মানা হয়েছে কি না, প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। এনিয়ে জনমানসে তৈরি হওয়া যাবতীয় সন্দেহ দূর করতে সোমবার সাংবাদিক সম্মেলন করলেন বীরভূমের জেলা পুলিশ সুপার বিদিত রাজ বুন্দেশ। সোমবার শান্তিনিকেতন থানা চত্বরে সাংবাদিক সম্মেলনে গোটা ঘটনার আইনি দিকগুলি স্পষ্ট করেছেন তিনি। এদিকে রতনের দেহ এদিন রামপুরহাট মেডিকেলে ময়না তদন্ত হওয়ার কথা ছিল। কিন্তু বিশেষজ্ঞ না থাকার কারণে সেটা হয়নি। এদিনই আবার নানুর থানায় গুলিবিদ্ধ পুলিশের গাড়ি পরীক্ষা করে দেখে পুলিশের বিশেষ তদন্তকারী দল। গাড়ি থেকে নানা নমুনা সংগ্রহ করে তারা।
পুলিশ সুপারের দেওয়া বিবরণ অনুযায়ী, রবিবার গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান থেকে রতনকে গ্রেপ্তার করা হয়। জেরায় সে জানায়, নানুরের উচকরণ গ্রামের একটি পরিত্যক্ত ইটভাটায় সে আগ্নেয়াস্ত্র লুকিয়ে রেখেছে। এরপর অস্ত্র উদ্ধারের জন্য পুলিশের বিশেষ দল সন্ধ্যা নামার পর তাকে সেখানে নিয়ে যায়। পুলিশ সুপারের কথায়, ‘নির্দিষ্ট জায়গায় পৌঁছে সে এদিক-ওদিক খুঁজতে থাকে কোথায় আগ্নেয়াস্ত্র লুকিয়ে রেখেছে। এমন সময় হঠাৎই বসে পড়ে এবং ঝোপ থেকে লুকোনো আগ্নেয়াস্ত্র বের করে আচমকা পুলিশের দিকে গুলি চালায়। গুলিটি পুলিশের গাড়িতে লাগে। আত্মরক্ষার্থে এবং অভিযুক্তকে ধরতে বাধ্য হয়েই পালটা গুলি চালায় পুলিশ।’ এসপির দাবি, গুলিবিদ্ধ রতনকে বাঁচাতে সবরকম চেষ্টা করা হয়েছিল। তাকে নানুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সুপার জানান, এনকাউন্টারের ক্ষেত্রে সমস্ত আইনি প্রক্রিয়া ও মানবাধিকার কমিশনের গাইডলাইন অক্ষরে অক্ষরে পালিত হচ্ছে। তিনি বলেন, ‘গোটা ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের জন্য পুলিশের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই আলাদা এফআইআর রুজু করা হয়েছে। আদালতের নিয়ম মেনে ম্যাজিস্ট্রেট পর্যায়ে ইনকোয়ারি, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ইনকুয়েস্ট এবং সম্পূর্ণ ভিডিওগ্রাফির মাধ্যমে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে।’
ধোঁয়াশা তৈরি হয়েছে ভিডিওগ্রাফি নিয়েও। নিয়ম অনুযায়ী অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে ভিডিওগ্রাফি বাধ্যতামূলক। পুলিশ সুপার বলেন, ‘আমাদের অফিসার ভিডিওগ্রাফি শুরু করতেই যাচ্ছিলেন। ঠিক সেই সময়েই অভিযুক্ত আর্মস বের করে গুলি চালিয়ে দেয়।’ রেকর্ডিং চালুর ঠিক আগের মুহূর্তের এই ‘কাকতালীয়’ টাইমিং নিয়ে জনমানসে ঘোর সংশয় তৈরি হয়েছে। এছাড়া, রতন কি কনস্টেবল বিশ্বজিৎ দাসকে জখম করার অস্ত্রটি দিয়েই ফের গুলি চালিয়েছিল? প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, ‘বিষয়টি তদন্তসাপেক্ষ। এর উপর ব্যালিস্টিক ও ফরেনসিক বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে। পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা-নিরীক্ষা করার পরই তাঁরা নিশ্চিত করে বলতে পারবেন।’
ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। জেলা কংগ্রেস সভাপতি সঞ্জয় অধিকারী বলেন, ‘অভিযুক্ত পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশের পালটা গুলি চালানো যথার্থ। কিন্তু পুলিশ যদি চিত্রনাট্য সাজিয়ে এনকাউন্টার করে থাকে তা হলে তো প্রশ্ন উঠবেই। বিচার শুরুর আগেই কারও বিচার করে দেওয়া হলে পুলিশের নিরপেক্ষতা নিয়ে সংশয় জাগে।’ সিপিএমের জেলা সম্পাদক গৌতম ঘোষের কথায়, ‘বড় কিছু ঢাকা দেওয়ার জন্যই এই ঘটনা। এনকাউন্টার নয়, এটি পূর্বপরিকল্পিত খুন বলেই মনে হচ্ছে।’ অন্যদিকে, জেলা বিজেপি সভাপতি উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ভাগ্যক্রমে পুলিশের গাড়িতে গুলি লেগেছিল। আগে পুলিশের মেরুদণ্ড ছিল না, এখন আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।’



