Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিনপুরের স্কুলে হঠাৎ হাজির বীরবাহা, খুদেদের সঙ্গে গল্প

প্রতিদিনের মতো শনিবারও তখন শিক্ষকরা ক্লাস নিচ্ছিলেন।

বিনপুরের স্কুলে হঠাৎ হাজির বীরবাহা, খুদেদের সঙ্গে গল্প
  • ৩০ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: বিনপুর-১ ব্লকের রাধামোহনপুর আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে পাত পেড়ে মিড ডে মিল খেলেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। শনিবার দুপুরে হঠাৎ তিনি স্কুল পরিদর্শনে আসেন। পড়ুয়াদের হাতে উপহার সামগ্রী তুলে দেন। মন্ত্রীকে কাছে পেয়ে আপ্লুত স্কুলের খুদে পড়ুয়ারা। প্রতিদিনের মতো শনিবারও তখন শিক্ষকরা ক্লাস নিচ্ছিলেন। ছুটির ঘণ্টা বাজার অপেক্ষায় পড়ুয়াদের মধ্যে তখন চঞ্চলতা শুরু হয়ে গিয়েছে। ঘড়ির কাঁটায় তখন পৌনে একটা। স্কুলের ভিতরে হঠাৎ এসে থামল পুলিসের পাইলট কার সহ লালবাতি দেওয়া একটা গাড়ি। পুলিসের গাড়ি দেখে শিক্ষক থেকে পড়ুয়াদের মধ্যে তখন বিস্ময়। গাড়ি থেকে মন্ত্রীকে হাসিমুখে বেরিয়ে আসতে দেখেই মুহূর্তে ছবি পাল্টে যায়। শিক্ষকরা মন্ত্রীকে স্কুলে স্বাগত জানান। পঞ্চম শ্রেণির ছাত্রী অঞ্জলি মুর্মু, দুলালী হাঁসদা, চতুর্থ শ্রেণির ছাত্রী মণিকা মান্ডির মতো খুদে পড়ুয়ারা স্কুলের বাগান দৌড়ে গিয়ে ফুল নিয়ে আসে। সে ফুল দিয়ে হেয়ার ব্যান্ড বানিয়ে মন্ত্রীকে পরিয়ে দেয়। মন্ত্রী পড়ুয়াদের হাতে আঁকার খাতা, রং পেন্সিল, চকোলেট তুলে দেন। মন্ত্রীকে ঘিরে কচিকাঁচারা গানও করে। মিড মিলে পড়ুয়াদের জন্য এদিন ভাত, ডাল, আলু পটলের তরকারি ও ডিম সেদ্ধ করা হয়েছিল। পড়ুয়াদের সঙ্গে মেঝেতে বসেই মন্ত্রী মিড ডে মিলের খাবার খান। খাওয়া শেষে ট্যাপ কলের কাছে গিয়ে নিজের থালা নিজেই ধুয়ে দেন। শিক্ষকরা মন্ত্রীকে কাছে পেয়ে স্কুলের দেওয়াল নির্মাণ করার আবেদন জানান। বিধায়ক তহবিল থেকে পাঁচিল তৈরির আশ্বাসও মেলে। প্রধান শিক্ষক দেবাশিস পাল বলেন, মন্ত্রী যে আসবেন সে কথা আমাদের জানা ছিল না। পড়ুয়াদের সঙ্গে এদিন মাটিতে বসে মিড ডে মিল খেয়েছেন। খাওয়ার পর পড়ুয়াদের সঙ্গে গল্প করেন। এই দিনটি আমাদের কাছে অন্যরকম হয়ে থাকল। স্কুলের প্রাচীর নির্মাণের কথা জানাতেই উনি অর্থ মঞ্জুর করার আশ্বাস দেন।  

Advertisement

মন্ত্রী বীরবাহা বলেন, বাচ্চাদের হাতের বানানো ফুলের তোড়া পেয়ে ও ফুল দিয়ে বানানো হেয়ার ব্যান্ড পেয়ে আমি আপ্লুত।  স্কুলের উন্নতির জন্য যা যা করা প্রয়োজন, তা আমি করব। ভালো মিড ডে মিল খেয়েছি। সুন্দর রান্না হয়েছিল। পড়ুয়াদের জানিয়েছি আগামী সপ্তাহে ঝাড়গ্রামের জঙ্গলমহল চিড়িয়াখানায় ঘোরাতে নিয়ে যাব। 

Advertisement
সম্পর্কিত সংবাদ