২ জানুয়ারি থেকে স্কুলে শিক্ষক,  পড়ুয়াদের হাজিরা বায়োমেট্রিকে, জানালেন মন্ত্রী দীপক বর্মন
  • ২৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নতুন শিক্ষাবর্ষ, অর্থাৎ ২ জানুয়ারি থেকে সরকারের অধীন সমস্ত স্কুলের হাজিরা হবে বায়োমেট্রিক পদ্ধতিতে। বৃহস্পতিবার নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে এক সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মন। এই পদ্ধতির আওতায় পড়বেন পড়ুয়া এবং শিক্ষকরা। সরকারি সমস্ত দপ্তরেই বায়োমেট্রিক হাজিরা দফায় দফায় শুরু করতে বলা হয়েছে। কারিগরি শিক্ষা দপ্তরের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে ১ ডিসেম্বর থেকেই তা চালু হচ্ছে।

Advertisement

এর আগে স্কুলের পড়ুয়াদের হাজিরা একটি ফোনভিত্তিক ফেস রেকগনিশন অ্যাপের মাধ্যমে নেওয়ার ব্যবস্থা চালু করার উদ্যোগ নিয়েছিল বিকাশ ভবন। পাইলট প্রোজেক্টের মাধ্যমে ১০০টি স্কুলে তা চালু হওয়ার কথা। তার মাধ্যমে শিক্ষকের ফোনে থাকা ওই অ্যাপ দিয়েই পড়ুয়াদের মুখ ক্যামেরার সামনে ফেলে হাজিরা নেওয়া যাবে। এতে রোলকলের সময় বাঁচবে। বেশি সময় পাওয়া যাবে পঠনপাঠনে। তবে, বায়োমেট্রিক হাজিরা হয়ে গেলে সেটির আর প্রয়োজন থাকবে কি না, সে প্রশ্ন থাকছে। এর পাশাপাশি, বায়োমেট্রিক হার্ডওয়্যার ইনস্টলেশন এবং অন্যান্য খরচ কারা বহন করবে, তা নিয়ে এখনো সরকারি অর্ডার হয়নি।
অন্যদিকে, বিকাশভবনে থাকা শিক্ষাদপ্তরের বিভিন্ন অফিসে আগাম অনুমতি ছাড়া ঢোকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এদিন। তাতে বলা হয়েছে, শিক্ষক, শিক্ষাকর্মী বা অন্যান্য বহিরাগতরা অনেক সময়ই বিভিন্ন কর্মী-আধিকারিকদের ঘর বা টেবিলে উপস্থিত হচ্ছেন। তাঁদের সংক্রান্ত ফাইল কত দূর এগোল, তা জানতে চাইছেন তাঁরা। ক্ষোভও প্রকাশ করছেন কেউ কেউ। এবার থেকে তা আর করা যাবে না। বেশকিছু ঘরে নো অ্যাডমিশন লেখারও নির্দেশ জারি করা হয়েছে। এ নিয়ে দীপক বর্মন বলেন, ‘অনেকেই বিভিন্ন ঘরে চলে যাচ্ছেন। কর্মী-আধিকারিকদের সঙ্গে ছবি তুলছেন, ফাইল দেখছেন। এগুলি বন্ধের জন্যই নয়া বিজ্ঞপ্তি।’ প্রসঙ্গত, এর আওতায় সংবাদমাধ্যমের গতিবিধি রোধ করা হবে বলেও আশঙ্কা রয়েছে ওয়াকিবহাল মহলে।
স্কুলের পরীক্ষায় প্রাপ্ত নম্বর তোলার এসএমএস পোর্টালে ম্যালওয়্যার অ্যাটাক নিয়েও সমস্যা তৈরি হয়েছে। এর ফলে মালদহ, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর জেলাকে ফের প্রথম ও দ্বিতীয় সামেটিভ মূল্যায়নের ফল আপলোড করতে হবে বলে খবর। এ নিয়ে শিক্ষকমহলে অসন্তোষ তৈরি হয়েছে। কারণ, ডিসেম্বরে তৃতীয় সামেটিভ মূল্যায়ন রয়েছে। মাধ্যমিকের সিলেকশন টেস্ট চলছে। সেগুলির ফল আপলোড করার ব্যাপারও রয়েছে। শিক্ষকদের অভিযোগ, দুমাস ধরে পোর্টালটি অকেজো হয়ে 
পড়ে রয়েছে। যদিও, মন্ত্রী এ প্রসঙ্গে বলেন, শুধু শিক্ষাদপ্তর নয়, অন্যান্য দপ্তরের ওয়েবসাইট, পোর্টালেও এ ধরনের সমস্যা হয়েছে। দু-একদিনের মধ্যেই সেগুলি ঠিক হয়ে যাবে।