Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

মৃত্যুর সময়ে বড়লোক তকমা রাখতে চান না, সম্পদের ৯৯ শতাংশ দান করবেন বিল গেটস

বিশ্বের ১৩তম ধনী ব্যক্তি। বর্তমানে তাঁর সম্পত্তির পরিমাণ ১১২ বিলিয়ন মার্কিন ডলার।

মৃত্যুর সময়ে বড়লোক তকমা রাখতে চান না, সম্পদের ৯৯ শতাংশ দান করবেন বিল গেটস
  • ১১ মে, ২০২৫ ১০:০৫
Prefer us on Google

ওয়াশিংটন, ১১ মে: বিশ্বের ১৩তম ধনী ব্যক্তি। বর্তমানে তাঁর সম্পত্তির পরিমাণ ১১২ বিলিয়ন মার্কিন ডলার। কিন্তু এই পরিমাণ সম্পত্তি সঙ্গে রাখতে চান না। এমনকী মৃত্যুর সময়ে বড়লোকও থাকতে চান না। এমনটাই জানিয়েছেন মাইক্রোসফ্টের প্রতিষ্ঠাতা বিল গেটস। তিনি জানিয়েছেন আগামী ২০ বছরের মধ্যে তাঁর সম্পদের ৯৯ শতাংশ দান করতে চান। যা মানুষের কল্যাণে ও উপকারে কাজে লাগবে। এই অর্থ পুরোটাই তিনি ব্যয় করবেন নিজের সংস্থা গেটস ফাউন্ডেশনের মাধ্যমে। ৬৯ বছর বয়সী এই ধনকুবের বলেন, ‘তাঁর ফাউন্ডেশন ইতিমধ্যেই স্বাস্থ্য ও উন্নয়ন প্রকল্পে ১০ হাজার কোটি মার্কিন ডলার ব্যয় করেছে। তিনি আশা করছেন, আগামী দুই দশকে এই ফাউন্ডেশন আরও ২০ হাজার কোটি ডলার খরচ করবে। তবে এটি বাজার ও মুদ্রাস্ফীতির উপর নির্ভর করবে।’

Advertisement

তিনি আরও বলেন, ‘এটা আসলে জরুরি অবস্থার বিষয়। আমরা যদি ফাউন্ডেশনকে স্থায়ী করার চিন্তা না করি, তাহলে এখন অনেক বেশি খরচ করতে পারব। আমি জানি, এই খরচ আমার মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলি ভবিষ্যতে সবচেয়ে দরিদ্র মানুষের পাশে দাঁড়াবে কি না, তা স্পষ্ট নয়। তবে আমরা একটা বিষয় নিশ্চিত করে বলতে পারি, গেটস ফাউন্ডেশন এমন সব প্রচেষ্টাকে সহায়তা করবে, যা মানুষ ও দেশগুলোর দারিদ্র্য ঘোচাতে সাহায্য করবে।’ একটি তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে, মোট সম্পদের ৯৯ শতাংশ দান করার পরেও গেটসের হাতে শত কোটি ডলার থেকে যাবে। বিল গেটস তাঁর ব্লগে ১৮৮৯ সালে লেখা অ্যান্ড্রু কার্নেগির একটি প্রবন্ধ ‘দ্য গসপেল অব ওয়েলথ’-এর থেকে একটি উক্তি নিয়ে নিজের বক্তব্য বোঝাতে চেয়েছেন। ওই উক্তিতে বলা হয়েছে, ‘ধনী হয়ে যে ব্যক্তি মারা যায়, সে অপমানিত বোধ করে।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ