Bartaman Logo
২৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

পার্কিং নিয়ে বচসা, কনস্টেবলকে মার বাইকচালকের

নো-পার্কিংয়ে গাড়ি রাখা নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ান এক বাইকচালক। ওই পুলিশকর্মী জরিমানা করতে গেলে বাইকচালক তাঁকে মারধর করেন বলে অভিযোগ।

পার্কিং নিয়ে বচসা,  কনস্টেবলকে মার বাইকচালকের
  • ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নো-পার্কিংয়ে গাড়ি রাখা নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ান এক বাইকচালক। ওই পুলিশকর্মী জরিমানা করতে গেলে বাইকচালক তাঁকে মারধর করেন বলে অভিযোগ। শুধু তাই নয়, বচসার সময় ওই উর্দিধারী ভিডিয়ো রেকর্ডিং করতে গেলে তাঁর বডি ক্যামেরা খুলে আছাড় মেরে ভেঙে দেওয়ারও অভিযোগ উঠেছে। এই ঘটনায় জখম হয়েছেন জেমস লং সরণি ট্রাফিক গার্ডের ওই কনস্টেবল। তাঁর নাম দীপঙ্কর সরকার। সরকারি কর্মীকে কাজে বাধা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও কর্তব্যরত পুলিশকর্মীকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একটি মামলা রুজু করেছে বেহালা থানার পুলিশ। অভিযুক্ত ফেরার। 

Advertisement

কলকাতা পুলিশ সূত্রে খবর, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ঘটনাটি ঘটে। রাজা রামমোহন রায় রোডের উপর ঋতম বিদ্যাপীঠের কাছে রাস্তার উপর বাইক পার্কিং করেছিলেন এক যুবক। ওই কনস্টেবল তাঁকে বলেন, এই এলাকাটি নো-পার্কিং জোন। এখানে পার্কিংয়ের নিয়ম নেই। উর্দিধারীর এই যুক্তি শুনেই ক্ষিপ্ত হন বাইকচালক। বাইক পার্ক করা নিয়ে দু’জনের বিবাদ চরমে ওঠে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, বাইকচালক বারবার বলেছিলেন, তাঁর কয়েক মিনিটের কাজ রয়েছে। সেই কাজ সেরেই তিনি বাইক নিয়ে চলে যাবেন। কিন্তু, নিয়ম ভেঙে সেখানে বাইক পার্ক করায় জরিমানা করতে যান ওই কনস্টেবল। অভিযোগ, তখন বাইকের নম্বর প্লেট আড়াল করে দাঁড়িয়ে পড়েন বাইকচালক। নম্বর প্লেটের ছবি তুলতে বাধা দেওয়া হয় বলে দাবি করেন কনস্টেবল। তখন তাঁকে সরিয়ে বাইকের ছবি তুলতে গেলে ওই পুলিশকর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। গায়ে হাত দিতেই কনস্টেবল তাঁর বডি ক্যামেরা অন করতে যান। তখন তাঁর বডি ক্যামেরা এক টানে জামা থেকে খুলে আছাড় মারেন ওই যুবক। ভেঙে যায় ক্যামেরাটি। 
পুলিশ সূত্রে খবর, হাতাহাতির জেরে জখম হন পুলিশকর্মী। সুযোগ বুঝে ঘটনাস্থল থেকে চম্পট দেন বাইকচালক। জখম পুলিশকর্মী ওয়্যারলেসের মাধ্যমে জেমস লং ট্রাফিক গার্ডের সঙ্গে যোগাযোগ করলে ঘটনাস্থলে হাজির হন ট্রাফিক গার্ডের পদস্থ কর্তারা। ঘটনাস্থল থেকে কনস্টেবলকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর বেহালা থানায় নিয়ে আসা হয়। বাইকের নম্বর প্লেটের ছবি তুলে রেখেছিলেন ওই পুলিশকর্মী। তার ভিত্তিতে বাইকচালকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়। বাইকের নম্বর প্লেট ও সিসি ক্যামেরার ফুটেজের ভিত্তিতে চালকের খোঁজ চালাচ্ছে পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ