বার্সেলোনা: এক সন্ধ্যায় ৪৩ গোল! মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এক অনন্য নজিরের সাক্ষী থাকলেন ফুটবল অনুরাগীরা। গ্রুপ পর্বে ৯টি ম্যাচের মধ্যে ৬টিতে হল চার বা তার বেশি গোল। শুরুটা বার্সেলোনা বনাম ওলিম্পিয়াকোস ম্যাচ দিয়ে। এরপর অ্যাওয়ে ম্যাচে বেয়ার লেভারকুসেনকে ৭-২ ব্যবধানে বশ মানায় প্যারিসের ক্লাবটি। ম্যাচে জোড়া গোল ডেসিরে দুয়ের। এছাড়া স্কোরশিটে নাম তোলেন যথাক্রমে উইলিয়ান পাচো, খাভিচা, নুনো মেন্ডিজ, ওসুমানে ডেম্বেলে ও ভিতিনহা। লেভারকুসেনের হয়ে জোড়া গোল অ্যালেক্স গার্সিয়ার। এই জয়ের সুবাদে গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচ জিতে শীর্ষস্থানে উঠে এল লুই এনরিকে ব্রিগেড।
দিনের অপর ম্যাচে আতলেতিকো মাদ্রিদকে চার গোলের মালা পরাল আর্সেনাল। ঘরের মাঠে রীতিমতো দাপুটে ফুটবল মেলে ধরে মিকেল আর্তেতা ব্রিগেড। জোড়া গোল ভিক্টর গোয়েকেরাসের। এছাড়া স্কোরশিটে নাম তোলেন গ্যাব্রিয়েল মাগালহাস ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। এই জয়ের সুবাদে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রইল গানাররা। সহজ জয় পেল প্রিমিয়ার লিগের অপর ক্লাব ম্যাঞ্চেস্টার সিটি। অ্যাওয়ে ম্যাচে ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারাল পেপ ব্রিগেড। ম্যাচের দুই গোলদাতা আর্লিং হালান্ড ও বের্নার্দো সিলভা। পাশাপাশি বড় ব্যবধানে জয় পেয়েছে পিএসভি ও ইন্তার মিলান।
এদিকে, মরশুমের প্রথম এল ক্লাসিকোর আগে চ্যাম্পিয়ন্স লিগে বড় জয় স্বস্তিতে রাখছে বার্সেলোনা কোচ হান্স ফ্লিককে। মঙ্গলবার ঘরের মাঠে আপফ্রন্টে একাধিক ফুটবলারের অনুপস্থিতিতে গ্রিসের ক্লাবটিকে ছয় গোলের মালা পরায় কাতালন ক্লাবটি। দুরন্ত হ্যাটট্রিক ফারমিন লোপেজের। এছাড়া ইয়ামাল, র্যাশফোর্ড স্কোরশিটে নাম তুলেছেন। এই প্রসঙ্গে কোচ ফ্লিক জানান, ‘যে কোনও বড় জয় দলের আত্মবিশ্বাস বাড়ায়। তার উপর সামনে কঠিন লড়াই। তবে আমাদের এখনও অনেক উন্নতির জায়গা রয়েছে। বিশেষত গোল হজমের রোগ দ্রুত সারাতে হবে।’