নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইএসএল শুরু হতে এক মাস বাকি। ফুটবলারদের কম্বিনেশন বাড়াতে প্র্যাকটিস ম্যাচ খেলতে চেয়েছিলেন ইস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ। সেইমতো মঙ্গলবার সকালে বাংলার সন্তোষ ট্রফি দলের বিরুদ্ধ প্রস্তুতি ম্যাচ খেলল ইস্ট বেঙ্গল। ৪-০ গোলে ম্যাচ জেতে লাল-হলুদ ব্রিগেড। প্রথমার্ধে ডেভিডের লক্ষ্যভেদে লিড নেয় তারা। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান বিষ্ণু, নাওরেম মহেশ ও এডমুন্ড। বিদেশিদের মধ্যে কেভিন, রশিদ ও মিগুয়েলকে প্রথম একাদশে রেখেছিলেন অস্কার। চোট থাকায় বিশ্রাম দেওয়া হয় আনোয়ারকে। এদিকে, সম্প্রতি এক অনুষ্ঠানে প্রাক্তন ফুটবলার অলোক মুখার্জিকে সংবর্ধিত করল ইস্ট বেঙ্গল। তাঁর হাতে লাল-হলুদ জার্সি তুলে দেন শীর্ষকর্তা দেবব্রত সরকার ও বাইচুং ভুটিয়া।
এদিন বড় ব্যবধানে পরাজিত হলেও মোটেও হতাশ নন বাংলার কোচ সঞ্জয় সেন। বরং দ্রুত ভুলত্রুটি শুধরে নিতে চান তিনি। গতবার তাঁর কোচিংয়েই সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয় বাংলা। তাই চলতি মরশুমে প্রত্যাশা আরও বেশি। আগামী ১৮ জানুয়ারি সন্তোষ ট্রফি খেলতে অসম যাচ্ছে বাংলা দল। এদিনই ২২ জনের দল বেছে নিলেন সঞ্জয়। ঘরোয়া লিগে খেলা ইস্ট বেঙ্গলের ৮ ফুটবলার রয়েছেন দলে। সায়ন, তন্ময়, চাকু, গৌরব, শ্যামলদের বোঝাপড়া বাংলার বড় ভরসা। এছাড়া মোহন বাগানের স্ট্রাইকার করণ রাই, মার্শাল কিস্কুর অন্তর্ভুক্তিও দলকে শক্তিশালী করবে। গতবার বাংলাকে চ্যাম্পিয়ন করার অন্যতম সৈনিক ছিলেন রবি হাঁসদা ও নরহরি শ্রেষ্ঠা। এবারও তাঁদের দিকে নজর থাকবে। গ্রুপ ‘এ’-তে বাংলার প্রতিপক্ষ রাজস্থান, নাগাল্যান্ড, উত্তরাখণ্ড, তামিলনাড়ু ও আসাম।
বাংলার নির্বাচিত দল: সোমনাথ দত্ত, গৌরব সাউ, সুজিত সাধু, মদন মান্ডি, চাকু মান্ডি, জুয়েল আহমেদ, মার্শাল কিস্কু, সুমন দে, বিক্রম প্রধান, বিকি থাপা, তন্ময় দাস, প্রশান্ত দাস, শ্যামল বেসরা, সায়ন ব্যানার্জি, বিজয় মুর্মু, আকিব নবাব, আকাশ হেমব্রম, সুময় সোম, উত্তম হাঁসদা, করণ রাই, রবি হাঁসদা ও নরহরি শ্রেষ্ঠা।