নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের এক ধাক্কায় বেড়ে গেল সোনা ও রুপোর দর। এর মধ্যে গত কয়েকদিন ধরেই চমকে দিচ্ছিল রুপো। শুক্রবার দিল্লিতে প্রায় দু’লক্ষ টাকার সীমা ছুঁয়ে ফেলল রুপো। কলকাতাতেও তা ১ লক্ষ ৯৪ হাজারের গণ্ডি পেরোল। সোনাও ফের ১ লক্ষ ৩২ হাজার টাকার সীমা পেরিয়েছে শহরে।
ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী, কলকাতায় ২৪ ক্যারেট বিশুদ্ধতার ১০ গ্রাম সোনার দর যায় ১ লক্ষ ৩২ হাজার ৫০ টাকা। বৃহস্পতিবারের তুলনায় তা বেড়েছে ২ হাজার ৪০০ টাকা। কলকাতায় এই প্রথম সোনার দর এতটা বাড়ল। ২২ ক্যারেট গয়না সোনার ১০ গ্রামের দামও এদিন পৌঁছেছে ১ লক্ষ ২৫ হাজার ৫০০ টাকায়। এদিন কলকাতায় এক কিলো খুচরো রুপোর দাম ছিল ১ লক্ষ ৯৪ হাজার ২০০ টাকা। অথচ এক সপ্তাহ আগে তার দাম কিলো পিছু ১৫ হাজার টাকা কম ছিল। দিল্লিতে এদিন রুপোর কেজি পিছু দাম যায় ১ লক্ষ ৯৯ হাজার ৫০০ টাকা। বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ফেডারাল রিজার্ভ সুদের হার ০.২৫ শতাংশ কমানোর প্রভাব পড়েছে সোনা ও রুপোর বাজারে। বাণিজ্যিকভাবে বা শিল্পক্ষেত্রে রুপোর চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায়, তার দাম বিশ্বজুড়েই চড়ছে, দাবি করেছেন তাঁরা।