নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সুজিত বসুর পর এবার গারদে বিধাননগরের আরও এক প্রভাবশালী তৃণমূল নেতা তথা বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্ত। তোলাবাজির অভিযোগে সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করেছে বিধাননগর উত্তর থানা। এক ব্যবসায়ীর থেকে ১ কোটি ৫ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তোলা নেওয়ার মুহূর্তের সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা। আজ, মঙ্গলবার বিধাননগর মহকুমা আদালতে তোলা হতে পারে সব্যসাচীকে। আজ, সকাল সাড়ে ১০টা নাগাদ ধৃতের মেডিকেল পরীক্ষার জন্য বিধাননগর মহকুমার হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে। সেসময় থানা ও হাসপাতালের বাইরে ধৃতের বিরুদ্ধে ক্ষোভ-বিক্ষোভের পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা পুলিশের। তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়ার পরিকল্পনা করেছেন বিজেপি কর্মী-সমর্থকরা।



