বর্ণপরিচয় বিভূতিভূষণের! বাসস্টপে বেনজির ভুল
  • ২৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

অলকাভ নিয়োগী, বিধাননগর: বিদ্যাসাগরের থিমে তৈরি হয়েছে নতুন বাসস্টপ। ভিতরে ঈশ্বরচন্দ্রের বড়ো আকারের ছবি। এ পর্যন্ত সব ঠিকই আছে। কিন্তু ছবির পাশে লেখার দিকে তাকালে জ্ঞান হারাতে পারেন যে কোনো শিক্ষিত মানুষ। সেখানে লেখা, ‘বর্ণপরিচয়, বিভুতিভুষণ বন্দ্যোপাধ্যায়ের’! দেখার পর সকলেরই বক্তব্য, ‘এ হেন ভুল ক্ষমার অযোগ্য’। ক্ষমাহীন ভুল এই একটা নয়। দিকপাল লেখক ‘বিভূতিভূষণ’ নামের বানানটি পর্যন্ত লেখা হয়েছে এভাবে, ভুলভাবে। 

Advertisement

অ, আ, ই, ঈ... বর্ণপরিচয়ের প্রথমভাগ দিয়ে শিক্ষায় হাতেখড়ি লক্ষ লক্ষ বাঙালি শিশুর। সে বইয়ের গোলাপি মলাটের উপর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি সব বাঙালির মনে খোদাই হয়ে আছে। বাঙালির হৃদয়ে তো বটেই সমগ্র দেশের মনে বিরাজ করেন বর্ণপরিচয়ের অমর স্রষ্টা। সেই মনীষীর বই নিয়ে এ হেন ভ্রান্তি বাঙালির অপমান হিসাবেই দেখছে বাঙালি সমাজ।
রাজ্যে পালাবদলের পর লেকটাউনে সরকারি বাসস্টপ নতুন করে সাজানো হয়েছে। সেখানেই বর্ণপরিচয় নিয়ে এই অমার্জনীয় ভুল তথ্য। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পরিবারের আত্মীয় অমিতাভ বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে বলেন, ‘এই ভুল কে করল জানি না। এটা খুবই অন্যায়। অবশ্যই প্রতিবাদ হওয়া উচিত।’লেকটাউন মোড় থেকে দমদম পার্কের দিকে একটু এগলে বাঁ দিকে ভিআইপি রোডের ধারে বাসস্টপটি রয়েছে। নাম, ‘লেকটাউন ফুটব্রিজ বাসস্টপ’। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের পূর্তদপ্তর ভিআইপি রোডের ধারে ১৬টি বাসস্টপকে নতুন করে সংস্কার করছে। প্রতিটি পৃথক থিমের বাস স্টপ তৈরি হচ্ছে। লেকটাউন ফুটব্রিজ বাস স্টপ বিদ্যাসাগরের থিম দিয়ে বানানো। বিদ্যাসাগরের জন্মভূমির পরিচয়ও সেখানে দেওয়া। এখনও আলোকসজ্জার কাজ শেষ হয়নি। ভিতরে বিদ্যাসাগরের বড়ো আকারের ছবি। তার পাশে বর্ণপরিচয়ের একটি রেপ্লিকা হিসাবেও ছবি ব্যবহার করা হয়েছে। আর সেখানেই মস্ত ভুল!
ছবিটির পাশে প্রথমে লেখা হয়েছে, ‘বর্ণপরিচয়’। ঠিক তার নীচে লেখা, ‘বিভুতিভুষণ বন্দ্যোপাধ্যায়ের’! বিভূতিভূষণ নামের বানানটি দেখে বাস্তবিকই অজ্ঞান হতে হয়। তার নীচে ‘অ থেকে ঐ’ পর্যন্ত লেখা হয়েছে। সেখানেও ‘ঊ’, ‘ঋ’ এবং ‘ঐ’ বর্ণে ভুল। একেবারে নীচে ‘কলিকাতা’র উপর একটি জায়গায় লেখা, বিদ্যাসাগরের নাম! সেখানেও ‘ঈশ্বরচন্দ্র’ বানানটি ভুল লেখা! কীভাবে এত বড়ো ভুল সম্ভব হল? পূর্তদপ্তরের এক আধিকারিক বলেন, ‘১৬টি থিমের বাসস্টপ হচ্ছে। প্রিন্টে কোনোভাবে ভুল হয়ে গিয়েছে। কিন্তু চোখে পড়া উচিত ছিল। যাঁরা লাগিয়েছেন, তাঁরা খেয়াল করেননি। আমরা অবশ্যই সংশোধন করে দেব।’ আর অমিতাভ বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আশা করব, রাষ্ট্রবাদী সরকার দ্রুত সংশোধন করবে।’