Bartaman Logo
৯ জুলাই, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

ভর্তায় ভূরিভোজ

ব্রকোলির ডাঁটা ২০০ গ্রাম, সরষের তেল ২৫ মিলি, কালো জিরে ১ গ্রাম, কাঁচালংকা ১৫ গ্রাম, সরষে বাটা ২৫ গ্রাম, নারকেল কোরা ৩০ গ্রাম, নুন স্বাদ মতো, চিনি ২ গ্রাম

ভর্তায়  ভূরিভোজ
  • ১৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সবজির খোসা, পাতা, ডাঁটা দিয়ে সুস্বাদু পদ বানিয়ে ফেলেন গিন্নিরা। পদের নাম ভর্তা। সেটাই রেস্তরাঁর স্টাইলে পরিবেশন করলেন ধানসিঁড়ির কর্ণধার শেফ স্বরূপ।

Advertisement

 

ব্রকোলির ডাঁটা দিয়ে ভর্তা

উপকরণ: ব্রকোলির ডাঁটা ২০০ গ্রাম, সরষের তেল ২৫ মিলি, কালো জিরে ১ গ্রাম, কাঁচালংকা ১৫ গ্রাম, সরষে বাটা ২৫ গ্রাম, নারকেল কোরা ৩০ গ্রাম, নুন স্বাদ মতো, চিনি ২ গ্রাম।

প্রণালী: ব্রকোলির ডাঁটা পাতলা টুকরো করে কেটে নিন। এবার তা ফুটন্ত নুন জলে ফেলে ফুটিয়ে নিন। তারপর তা জল ঝরিয়ে হাতের সাহায্যে চটকে মেখে নিন। একটা কড়াইতে সরষের তেল গরম করুন। তাতে কালো জিরে ও চেরা কাঁচালংকা ফোড়ন দিন। এরপর মেখে নেওয়া ব্রকোলির ডাঁটা দিয়ে দিন। মাঝারি আঁচে নেড়েচেড়ে রান্না করুন। অল্প নুন আর চিনি মিশিয়ে নেড়ে নিন। সবটা একসঙ্গে মিশে গেলে তাতে সরষে বাটা নিয়ে নেড়ে দিন। তারপর নারকেল কোরা মিশিয়ে দিন। বেশ খানিকক্ষণ নাড়ুন। সবটা একসঙ্গে মিশে গেলে নামিয়ে একটু ঠান্ডা করে মেখে নিন। অল্প সরষের তেল ছড়িয়ে সাদা ভাতের সঙ্গে পরিবেশন করুন।

 

কুমড়ো পাতা চিংড়ি ভর্তা

 

উপকরণ: কুচো চিংড়ি ২০০ গ্রাম, হলুদ গুঁড়ো  চা চামচ, পেঁয়াজ কুচি ৭৫ গ্রাম, টম্যাটো কুচি ৩০ গ্রাম, শুকনো লংকা ২টো, কুমড়ো পাতা ৪টে, নুন স্বাদ মতো, সরষের তেল ১০০ মিলি।

প্রণালী: চিংড়ি ধুয়ে পরিষ্কার করে নিন। তাতে নুন ও হলুদ মাখিয়ে রাখুন। এরপর কড়াইতে তেল গরম করে চিংড়িগুলো ভেজে তুলে নিন। ওই তেলের সঙ্গেই শুকনো লংকা ফোড়ন দিন। তাতে পেঁয়াজ লালচে করে ভেজে নিন। তারপর টম্যাটো ভাজুন। এই মিশ্রণ একে অপরের সঙ্গে মিশে গেলে কড়া থেকে নামিয়ে একটু ঠান্ডা হতে দিন। এরপর ভাজা চিংড়ি বেটে নিন। তার সঙ্গে পেঁয়াজ ও টম্যাটোর মিশ্রণ মেশান। ইতিমধ্যে ফুটন্ত নুন জলে কুমড়ো পাতা ফুটিয়ে নিন। তারপর তা ঠান্ডা জলে দিয়ে দিন। একটুক্ষণ রেখেই তুলে নিন। এরপর কুমড়ো পাতা, নুন, সরষের তেল ও বাকি মিশ্রণ একসঙ্গে শিলে বেটে নিন। মিহি করে বাটা হলে উপর থেকে অল্প সরষের তেল ছড়িয়ে পরিবেশন করুন।    

 

 কচি ঝিঙে ও রশুন ভর্তা

 

উপকরণ: ঝিঙে ৫০০ গ্রাম, রশুনের কোয়া ৬০ গ্রাম, সরষের তেল ৫০ মিলি, কালো জিরে ১ গ্রাম, কাঁচা লংকা ৫ গ্রাম, নুন স্বাদ মতো, চিনি সামান্য।

প্রণালী: ঝিঙে ধুয়ে নিন। তারপর খোসা সমেত তার মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে নিন। এমনভাবে কাটবেন যাতে তা দু’টুকরো না হয়। এক দিকটা কাটা হবে কিন্তু অন্য দিকটা জোড়া থাকবে। অনেকটা লম্বাটে ছিদ্র তৈরি করার মতো। এবার রশুনের কোয়া ছাড়িয়ে নিন। তারপর তা ঝিঙের ভেতর ভরে দিন। ঠেসে ভরবেন যাতে রশুনের কোয়া ঝিঙের থেকে বেরিয়ে না আসে। এরপর সরাসরি আগুনে দিয়ে ঝিঙে পুড়িয়ে নিন। পুড়িয়ে নেওয়ার পর দেখবেন ঝিঙের গা থেকে খোসা ছেড়ে আসবে। তখন তা ছাড়িয়ে ফেলুন। এবার হাতের সাহায্যে রশুন সহ ঝিঙে মেখে নিন। এরপর কড়াইতে সরষের তেল গরম করে নিন। তারপর তাতে কালো জিরে ও চেরা কাঁচালংকা ফোড়ন দিন। এরপর মাখা ঝিঙে দিয়ে নাড়তে থাকুন। নুন ও চিনি মিশিয়ে দিন। সবটা গা মাখা হলে নামিয়ে নিন। সরষের তেল ছড়িয়ে সাদা ভাত সহযোগে পরিবেশন করুন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ