Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভুট্টার আড়ালে পোস্ত চাষ, অভিযান চালিয়ে নষ্ট করল পুলিস

ভুট্টার আড়ালে পোস্ত চাষ, অভিযান চালিয়ে নষ্ট করল পুলিস
  • ৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার: ভুট্টার আড়ালে পোস্ত চাষ করা হয়েছে। খবর পেয়ে মঙ্গলবার কালচিনির দক্ষিণ মেন্দাবাড়ি গ্রামে ৩০ বিঘা জমির পোস্ত চাষ নষ্ট করল পুলিস। গ্রেপ্তার করা হয়েছে জমির মালিক অভিজিৎ বরাইককে। এদিন কালচিনি থানা, হাসিমারা ও সোনাপুর আউটপোস্টের পুলিস একযোগে হানা দিয়ে দক্ষিণ মেন্দাবাড়ি গ্রামে ওই পোস্ত খেত নষ্ট করে। 
Advertisement
পুলিস সুপার ওয়াই রঘুবংশী বলেন, দক্ষিণ মেন্দাবাড়ি গ্রামে ওই বেআইনি পোস্ত চাষের জন্য জমির মালিককে গ্রেপ্তার করা হয়েছে। এই চাষের সঙ্গে বাইরের কয়েকজন দুষ্কৃতীরও যোগ আছে। তাদেরও ধরতে খোঁজখবর চলছে।
আলিপুরদুয়ার জেলা সদর থেকে কালচিনির ওই গ্রামটির দূরত্ব ৩০ কিমি। অসমগামী ৩১সি জাতীয় সড়কের লাকড়া রোড মোড়। ওই মোড়ে নেমে সাত কিমি পথ এগলেই দক্ষিণ মেন্দাবাড়ি গ্রাম। গ্রামের পাশ দিয়ে গিয়েছে কালজানি নদী। সেই নদীর ধারেই একলপ্তে ৩০ বিঘা জমিতে ভুট্টার আড়ালে পোস্ত চাষ করা হয়েছিল। 
পুলিস সূত্রে জানা গিয়েছে, কোচবিহারের পুণ্ডিবাড়ি ও আলিপুরদুয়ারের সোনাপুরের কয়েকজন ব্যক্তি দক্ষিণ মেন্দাবাড়িতে অভিজিৎ বরাইকের ওই জমি লিজ নেয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিস জানতে পারে বাইরের ওই ব্যক্তিরা ভুট্টার চাষ করবে বলে তার জমি লিজ নেয়। জেরায় ধৃত জমির মালিক পুলিসের কাছে দাবি করে ভুট্টার আড়ালে ওই ব্যক্তিরা যে পোস্ত চাষ করবে, তা তিনি জানতেন না। পরে জানতে পারেন তার লিজ দেওয়া জমিতে ভুট্টার সঙ্গে পোস্ত চাষ করা হয়েছে। কিন্তু পুলিস জমির মালিকের এই দাবি উড়িয়ে দিয়েছে। তারপরেই গ্রেপ্তার করা হয় জমির মালিককে। পুলিস জমি লিজ নেওয়া ব্যক্তিদের খোঁজে তল্লাশি শুরু করেছে।
সম্পর্কিত সংবাদ