Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভোট বালাই! তৃণমূল-বিজেপির সঙ্গে গণ ভাইফোঁটা আয়োজন সিপিএমের

ভোট বালাই! তৃণমূল-বিজেপির সঙ্গে গণ ভাইফোঁটা আয়োজন সিপিএমের
  • ২ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: তালডাংরায় ভোটের মুখে জনসংযোগের জন্য ভ্রাতৃ দ্বিতীয়াকে হাতিয়ার করছে প্রথম সারির রাজনৈতিক দলগুলি। বিজেপি ও তৃণমূলের পাশাপাশি এবার সিপিএমও গণ ভাইফোঁটার আয়োজন করছে। দক্ষিণপন্থী দলগুলি বরাবর ধর্মীয় উৎসব পালন করে থাকে। তবে সিপিএমকে সেভাবে কোনও উৎসব পালন করতে দেখা যায় না। তবে ভোট বড় বালাই। ফলে এবার লালাপার্টির তরফেও বিধানসভা উপ নির্বাচনের আগে গণ ফোঁটার আয়োজন করা হচ্ছে। সিপিএমের তরফে অবশ্য ওই কর্মসূচিকে ‘অরাজনৈতিক’ বলে আখ্যা দেওয়া হয়েছে। তবে ভোটের আগে বিজেপি ও তৃণমূলের সঙ্গে এঁটে উঠতে যে লালপার্টিও তাদের গতানুগতিক ভাবধারা থেকে বের হতে চাইছে, তা বামেদেরই একাংশ মনে করছে। 
Advertisement
তৃণমূলের তরফে তালডাংরা বিধানসভার একাধিক জায়গায় গণ ফোঁটার আয়োজন করা হবে বলে জেলা নেতৃত্বের তরফে জানানো হয়েছে। ওইসব জায়গায় তালডাংরার তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু সহ অন্যান্য নেতানেত্রীরা উপস্থিত থাকবেন। ভোটের মুখে ভোটারদের সঙ্গে প্রার্থী ও নেতৃত্বের জনসংযোগের পথ সুগম করতেই গণ ফোঁটার আয়োজন করা হবে। শুক্রবার তালডাংরা ব্লকের হারমাসরা এলাকায় ফাল্গুনীবাবু বাড়ি বাড়ি প্রচার সারেন। তার ফাঁকে তিনি বলেন, আমরা এবার গণ ফোঁটার আয়োজন করছি। সেখানে সমাজের সর্বস্তরের মানুষ অংশ নেবে। দলীয় নেতৃত্বের সঙ্গে আমিও গণফোঁটার মঞ্চে থাকব। 
ওইদিন সকালে বিজেপি-র তরফেও তালডাংরায় গণফোঁটার আয়োজন করা হবে। সেখানে তালাডাংরার বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত থাকবেন। এদিন বিজেপি প্রার্থী বিবরদা অঞ্চলে প্রচার সারেন। তিনি বলেন, দলের তরফে প্রতিবারই দ্বিতীয়ার দিন কোথাও না কোথাও গণ ফোঁটার কর্মসূচি নেওয়া হয়। এবার তা তালডাংরায় করা হবে। সিপিএমের তরফে রবিবার সকালে সিমলাপাল ব্লকের লক্ষ্মীসাগরে গণ ফোঁটার আয়োজন করা হবে। লক্ষ্মীসাগর সেন্টার মোড়ে আয়োজিত ওই গণ ফোঁটার আসরে তালাডাংরার সিপিএম প্রার্থী দেবকান্তি মোহান্তি উপস্থিত থাকবেন। দেবকান্তিবাবু এদিন ইন্দপুর ব্লকের গৌরবাজার এলাকায় প্রচার সারেন। সেখানে দলের নেতাকর্মীরা প্রার্থীকে নিয়ে মিছিল বের করে। পাশাপাশি বাড়ি বাড়ি প্রচারও চলে। দেবকান্তিবাবু বলেন, চারদিকে বর্তমানে নারী নির্যাতনের ঘটনা বেড়ে চলেছে। মহিলাদের সুরক্ষা দেওয়ার বার্তা দিতেই দলের অনুমতি নিয়ে গণ ফোঁটার আয়োজন করা হয়েছে। তবে এটা কোনও রাজনৈতিক কর্মসূচি বা ভোট প্রচারের মঞ্চ নয়। আমরা সারা বছরই সাংস্কৃতিক অনুষ্ঠান, সভা-সমিতির আয়োজন করে থাকি। গণ ফোঁটাও ওই ধরনের কর্মসূচিরই অঙ্গ।
সম্পর্কিত সংবাদ