Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভূসিমালের আড়ালে চোলাই কারবার, বন্ধ করতে দোকানে হামলা মহিলাদের

ভূসিমালের আড়ালে চোলাই কারবার, বন্ধ করতে দোকানে হামলা মহিলাদের
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ঘাটাল: ভূসিমাল দোকানের সঙ্গেই রমরমিয়ে চলত চোলাইয়ের কারবার‌। সেই চোলাই মদ খেয়েই চন্দ্রকোণা থানার বাচকা গ্রাম সহ পাশাপাশি এলাকার বহু মানুষ সর্বস্বান্ত হয়েছেন বলে অভিযোগ। এলাকার মানুষের বারবার আপত্তি সত্ত্বেও সেই আপত্তিতে কর্ণপাত করেননি দোকানের মালিক। মঙ্গলবার রাতে গ্ৰামের প্রমিলা বাহিনী গিয়ে দোকান থেকে উদ্ধার করে বেশ কয়েক লিটার চোলাইয়ের পাউচ। নষ্ট করে দেওয়া হয় উনুনের ভেতর লুকিয়ে রাখা চোলাই মদ। এই নিয়ে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। এলাকার বাসিন্দারা প্রমিলা বাহিনীর ওই কর্মকাণ্ডকে সমর্থন করেছেন। আবগারি দপ্তর সূত্রে জানানো হয়েছে, ওই ভূসিমাল দোকানের ভেতরে চোলাইয়ের কারবার চলত বলে তাদের জানা ছিল না। এই নিয়ে এর আগে কেউ আবগারি দপ্তরে কোনও অভিযোগও জানায়নি। ওইদিনের ঘটনার কথা তারা শুনেছে এবং উপযুক্ত ব্যবস্থা গ্ৰহণ করবে।
Advertisement
ওই গ্ৰামের বাসিন্দা মৌমিতা দাস, ঝর্ণা ঘোড়ই, অসীমা কোটাল’দের অভিযোগ, গ্ৰাম থেকে একধারে নির্জন জায়গায় ওই দোকানদারের বাড়ি হওয়ার জন্য চুটিয়ে চলত চোলাই কারবার। শুধু তাই নয়, ভূসিমাল দোকানের আশপাশে চোলাইয়ের খালি প্যাকেট ছড়িয়ে পড়ে থাকায় এলাকার পরিবেশ দূষিত হত। গ্ৰামের মধ্যে এইভাবে চোলাই কারবার চালু হওয়ায় এলাকার অল্পবয়সী নাবালক ছেলেরাও এর নেশায় আসক্ত হতে শুরু করে। বাড়িতে অশান্তি চলে চোলাই খাওয়া নিয়ে। এলাকায় মাতালদের উপদ্রব বাড়ার সঙ্গে সঙ্গে চুরির ঘটনাও বেড়ে চলছিল। বারবার নিষেধ করা সত্ত্বেও কোনও তোয়াক্কা না করেই চোলাইয়ের কারবার চলত। গ্ৰামের প্রমিলা বাহিনী তিতিবিরক্ত হয়েই এদিন রাতে ঠেকে গিয়ে হানা দেয় এবং চোলাই নষ্ট করে দেয়।-নিজস্ব চিত্র
সম্পর্কিত সংবাদ