সংবাদদাতা, কান্দি: বুধবার গভীর রাতে ভরতপুর থানার মনসুরপুরের বোলতলা এলাকায় বিধ্বংসী আগুনে ভস্মীভূত হল একটি ধানের ও দু’টি খড়ের পালুই। পরে ভোরের দিকে কান্দি থেকে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে আগুন লাগল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিস। ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন রাত ১টা নাগাদ এক যুবক ঘুম থেকে উঠে দেখেন পালুইগুলিতে আগুন জ্বলছে। এরপর তিনি চিৎকার করলে প্রতিবেশীরা এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পাম্প মেশিন থাকলেও ওইসময় এলাকায় লোডশেডিং থাকায় সেগুলি ব্যবহার করা যায়নি। পরে বাসিন্দারা বালতিতে জল এনে আগুন নেভানোর চেষ্টা করেন। ক্ষতিগ্রস্ত পরিবারের কর্তা রুস্তম শেখ বলেন, লোডশেডিং থাকায় আগুন নেভানোর মতো পরিস্থিতি ছিল না। এমন অবস্থায় প্রায় দু’ঘণ্টা পর দমকলের ইঞ্জিন এসে পৌঁছয়। ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় ২ লক্ষ টাকার ফসল ও খড় নষ্ট হয়েছে।



