সংবাদদাতা, বহরমপুর: মদ খেতে বারণ করে বকাবকি করায় অভিমানে আত্মঘাতী হলেন সেরিকালচার দপ্তরের এক অস্থায়ী কর্মী। রবিবার সন্ধ্যায় বাড়ি থেকে দুশো মিটার দূরে একটি আমগাছে গলায় ফাঁস দেন। উদ্ধার করে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। মৃতের নাম সরজিৎ মণ্ডল (৪৫)। বাড়ি বহরমপুর থানার তারাকপুরে। বহরমপুর থানার পুলিস জানিয়েছে, পারিবারিক অশান্তির জেরেই আত্মহত্যা। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
Advertisement
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার ছুটির দিন থাকায় সকালে জমিতে কাজ করার জন্য বেরিয়ে যান। সন্ধ্যা নাগাদ মদ্যপ অবস্থায় বাড়ি ফেরেন। তা নিয়েই সংসারে আশান্তি শুরু হয়। পরিবারের লোকজন বকাবকি করায় অভিমানে বাড়ি থেকে বেরিয়ে যান। বাড়ির লোক বেশ কয়েকবার ফোন করলেও ধরেননি। সাড়ে ৬টা নাগাদ মোবাইল ফোনের সুইচ অফ পাওয়ায় পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে সরজিৎবাবুর খোঁজে বেরিয়ে পড়েন। বাড়ি থেকে দুশো মিটার দূরে একটি বাগানে তাঁকে ঝুলতে দেখা যায়। মৃতের ভাই সমর মণ্ডল বলেন, রোজ মদ খেত। একমাত্র এই কারণেই পরিবারে অশান্তি লেগেই ছিল। রবিবার একই কারণে বকাবকি করায় মদ্যপ অবস্থায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে।



