Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বহরমপুর ও সামশেরগঞ্জে পৃথক দুর্ঘটনায় মৃত ২

বহরমপুর ও সামশেরগঞ্জে পৃথক দুর্ঘটনায় মৃত ২
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বহরমপুর: পৃথক দুটি দুর্ঘটনায় বহরমপুর ও সামশেরগঞ্জে পড়ে মৃত্যু হল বৃদ্ধা ও এক শিশুর। দুজনেরই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয়। বহরমপুর গান্ধী কলোনি নেতাজি রোড এলাকায় মৃত বৃদ্ধার নাম বাসবি কর্মকার (৬৬)। অপরদিকে সামশেরগঞ্জের যদিমনগর এলাকায় মর্মান্তিক মৃত্যু হয় এক শিশুর। নাম ফারাজ শেখ। বয়স এক বছর দুই মাস। দুটি ঘটনাতেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিস।
Advertisement
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত বুধবার ছাদে কাপড় মেলতে গিয়েছিলেন বাসবি কর্মকার। নামার সময় ভেজা সিঁড়িতে পা পিছলে গড়াতে গড়াতে নীচে পড়ে যান। সঙ্গে সঙ্গে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সকালে সেখানেই মৃত্যু হয়। মৃতের নাতি রাজেশ কর্মকার বলেন, ঠাকুমার বয়স হলেও বেশ শক্তসমর্থ ছিলেন। ভেজা সিঁড়িতে পিছলে পড়ে গিয়েছিলেন। মাথায় ও বুকে চোট পেয়েছিলেন।
অন্যদিকে মৃত শিশুর পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে বাড়ির পাশে ঢিবিতে খেলছিল ফারাজ শেখ। খেলতে খেলতে হঠাৎ প্রায় পাঁচ ফুট উঁচু ঢিবি থেকে পড়ে যায়। মাথা ফেটে যায়। সঙ্গে সঙ্গে উদ্ধার করে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসক মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। শনিবার রাত দুটো নাগাদ সেখানেই ফারাজের মৃত্যু হয়। মৃতের মা আলসারা খাতুন বলেন, আমার ভুলেই ছেলেকে হারালাম। ঢিবিতে বসিয়ে দিয়ে আমি অন্যমস্ক হয়ে পড়েছিলাম।
সম্পর্কিত সংবাদ