সংবাদদাতা, পুরুলিয়া: দীর্ঘদিন ধরে বেহাল বলরামপুর বাস স্ট্যান্ড। খানাখন্দে ভর্তি। সামান্য বৃষ্টিতে জল জমে যায়। শুকনো অবস্থায় ধুলোয় নাজেহাল হন বাসযাত্রীরা। জেলার গুরুত্বপূর্ণ এই বাস স্ট্যান্ড দ্রুত সংস্কারের দাবিতে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া জেলার মধ্যে গুরুত্বপূর্ণ বলরামপুর বাস স্ট্যান্ড। ওই বাস স্ট্যান্ড থেকে একদিকে যেমন বরাবাজার-বাঘমুন্ডির বাস ছাড়ে, অন্যদিকে ঝাড়খণ্ডের জামশেদপুর-রাঁচি, রাজ্যের কলকাতা, দুর্গাপুর, বাঁকুড়া, আসানসোল সহ ঝাড়গ্রামের একাধিক বাস বলরামপুর বাস স্ট্যান্ড থেকে ছাড়ে। স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘদিন ধরে বলরামপুর বাস স্ট্যান্ডের সংস্কার হয়নি। অমিত মাহাত নামে বলরামপুরের এক বাসিন্দা বলেন সামান্য বৃষ্টিতেই এখানে জল জমে যায়। চারদিকে খানাখন্দে ভর্তি। শুধু বর্ষায় নয়, শুকনো আবহাওয়ায়ও সমস্যায় পড়েন যাত্রীরা। গোটা বাস স্ট্যান্ড ধুলোয় ভরে যায়। নিকাশি ব্যবস্থাও ভালো নয়। রমেশ সিং সর্দার নামে আরেক বাসিন্দা বলেন, বলরামপুর বাস স্ট্যান্ড থেকে বিভিন্ন রুটের বাস যাতায়াত করে। ভিন রাজ্যের বহু গাড়িও বলরামপুরে আসে। তা সত্ত্বেও বাস স্ট্যান্ডের সংস্কারের দিকে কারও নজর নেই। সবচেয়ে বেশি সমস্যা হয় নিকাশি নিয়ে। স্থানীয় বাসিন্দারা আরও জানান, বাস স্ট্যান্ডের বেহাল অবস্থার কারণে একাধিক বাস স্ট্যান্ডে ঢুকতে চায় না। দ্রুত গোটা বাস স্ট্যান্ডের সংস্কার প্রয়োজন। বলরামপুরের বাসিন্দা তথা পুরুলিয়া জেলা পরিষদের সদস্য গৌতম মাহাত বলেন, বলরামপুর বাস স্ট্যান্ডের দ্রুত সংস্কার প্রয়োজন এ কথা ঠিক। তবে এর জন্য বড় বাজেট দরকার। এ বিষয়ে পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতির সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। বলরামপুর বাস স্ট্যান্ডের সংস্কারের জন্য জেলা পরিষদের সভাধিপতির কাছে এলাকাবাসীর পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। সভাধিপতি এ বিষয়ে আশ্বাসও দিয়েছেন।



