সংবাদদাতা, কাঁথি: প্রতিবেশী পরচুলা ব্যবসায়ীর কাছে পাওনা টাকা চাইতে গেলে এক মহিলাকে বেধড়ক মারধর ও খুনের চেষ্টার অভিযোগ উঠল ভগবানপুরে। এই ঘটনায় এক যুবক, তাঁর স্ত্রী ও ভাইকে গ্রেপ্তার করেছে ভগবানপুর থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতরা হল যথাক্রমে মিঠু মণ্ডল, মামনি মণ্ডল ও তাপস মণ্ডল। তাদের বাড়ি ভগবানপুরের কাজলাগড় গ্রাম পঞ্চায়েতের নারায়ণদাঁড়ি এলাকায়। মিঠুর কাছে এলাকার বাসিন্দা দেবব্রত মণ্ডলের পরচুলা ব্যবসার সূত্রে অনেক টাকা বাকি ছিল। কয়েকদিন আগে সেই পাওনা টাকা আদায় করতে মিঠুর বাড়িতে যান দেবব্রত ও তাঁর স্ত্রী। টাকা লেনদেন নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা ও হাতাহাতি শুরু হয়ে যায়। সেইসময় আক্রান্ত হন দেবব্রত। এমনকী অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে দেবব্রতর স্ত্রীকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এদিকে গুরুতর জখম অবস্থায় তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ওই মহিলাকে। স্ত্রী সুস্থ হওয়ার পর থানায় এই মর্মে অভিযোগ দায়ের করেন দেবব্রত। পুলিস সোমবার রাতে তিনজনকে গ্রেপ্তার করে।



